২০২৬-২০২৮ মেয়াদে জামায়াতের নতুন নেতৃত্বের তালিকা

রাজনীতি ডেস্ক
রাজনীতি ডেস্ক
২০ ফেব্রুয়ারী, ২০২৬ এ ৪:৫৪ পিএম
ভার্চুয়াল বৈঠকে জামায়াতে ইসলামীর নতুন কেন্দ্রীয় কমিটি গঠনের সিদ্ধান্ত।

ভার্চুয়াল বৈঠকে জামায়াতে ইসলামীর নতুন কেন্দ্রীয় কমিটি গঠনের সিদ্ধান্ত।

আগামী তিন বছরের জন্য নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে দলের কেন্দ্রীয় মজলিসে শূরার ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। নতুন কমিটিতে মিয়া গোলাম পরওয়ার আবারও সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পেয়েছেন।

দলীয় বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৬-২০২৮ কার্যকালের জন্য ৫৯ সদস্যের কেন্দ্রীয় মজলিসে শূরা এবং ৮৮ সদস্যের কেন্দ্রীয় কর্মপরিষদ গঠন করা হয়েছে। পাশাপাশি ২১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদও চূড়ান্ত করা হয়েছে। নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল ও সহকারী সেক্রেটারি জেনারেলরা সশরীরে বৈঠকে অংশ নেন, আর অন্য সদস্যরা ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

নতুন কমিটিতে চারজন নায়েবে আমির হিসেবে দায়িত্ব পেয়েছেন এটিএম আজহারুল ইসলাম (এমপি), অধ্যাপক মুজিবুর রহমান (এমপি), ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের (এমপি) এবং মাওলানা আ ন ম শামসুল ইসলাম। সাতজনকে সহকারী সেক্রেটারি জেনারেল করা হয়েছে। তারা হলেন মাওলানা এটিএম মাছুম, মাওলানা রফিকুল ইসলাম খান (এমপি), ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মুয়ায্যম হোসাইন হেলাল, মাওলানা মুহাম্মাদ শাহজাহান ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

২১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদে দলের শীর্ষ নেতাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া ৫ সদস্যের কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, যার প্রধান নির্বাচন কমিশনার মাওলানা এটিএম মাছুম। কমিশনের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন অ্যাডভোকেট মুয়ায্যম হোসাইন হেলাল, আবদুর রব, মোবারক হোসাইন ও মাওলানা আ. ফ. ম. আবদুস সাত্তার।

সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে ঢাকাসহ সারাদেশকে ১৪টি অঞ্চলে ভাগ করে অঞ্চল পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। দলীয় সূত্র জানায়, এ কাঠামো তৃণমূল পর্যন্ত কার্যক্রম গতিশীল করতে সহায়ক হবে। কেন্দ্রীয় কর্মপরিষদে ২১ জন এবং কেন্দ্রীয় মজলিসে শূরায় ১৭ জন নারী সদস্য অন্তর্ভুক্ত হয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

গত বছরের ২ নভেম্বর ডা. শফিকুর রহমান আমির নির্বাচিত হওয়ার তিন মাস পর নতুন এই কেন্দ্রীয় কমিটি গঠন করা হলো। দলীয় নেতৃত্বের ভাষ্য, আগামী সাংগঠনিক ও রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে নতুন কমিটি সক্রিয় ভূমিকা রাখবে। কমিটির মেয়াদ শেষ হবে ২০২৮ সালে।