Something went wrong

১২ ফেব্রুয়ারি চাঁদাবাজ রাজনীতির অবসান হবে: নাহিদ ইসলাম

রাজনীতি ডেস্ক
রাজনীতি ডেস্ক
২৫ জানুয়ারী, ২০২৬ এ ১১:৩৩ এএম
নির্বাচনি প্রচারণাকালে ঢাকা-১১ আসনের ভোটারদের সঙ্গে কথা বলছেন নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

নির্বাচনি প্রচারণাকালে ঢাকা-১১ আসনের ভোটারদের সঙ্গে কথা বলছেন নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে চাঁদাবাজ, সন্ত্রাসী ও দখলবাজদের রাজনীতির অবসান ঘটবে বলে মন্তব্য করেছেন ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার (২৫ জানুয়ারি) সকালে নিজ নির্বাচনি এলাকায় ভোটের প্রচারণাকালে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, এবারের নির্বাচন দেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তনের সুযোগ তৈরি করেছে। জনগণের ভোটের মাধ্যমেই দুর্নীতিবাজ ও দখলদার রাজনীতির অবসান ঘটানো সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি অভিযোগ করে বলেন, একটি পক্ষ তার কর্মী-সমর্থকদের ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করছে। তবে এসব অপচেষ্টা কোনোভাবেই সফল হচ্ছে না। জনগণ সচেতন রয়েছে এবং ভোটের দিন উপযুক্ত জবাব দেবে বলে তিনি মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, চাঁদাবাজ, সন্ত্রাস ও দখলবাজদের শেষ দিন হবে আগামী ১২ ফেব্রুয়ারি। ওই দিন ভোটের মাধ্যমে জনগণ তাদের বিরুদ্ধে রায় দেবে বলেও তিনি দাবি করেন।

ভোটারদের উদ্দেশে তিনি নির্বিঘ্ন ও নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় তিনি বলেন, যাকে ভোট দেবেন, চিন্তা-ভাবনা করেই দেবেন। কারণ এবারের নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ ও ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এনসিপির আহ্বায়ক আরও বলেন, কোনো ধরনের প্রলোভন, সুবিধা কিংবা মিথ্যা আশ্বাসে প্রভাবিত না হয়ে ভোট দেওয়ার বিষয়ে ভোটারদের সতর্ক থাকতে হবে। তিনি বলেন, যোগ্য ও সৎ প্রার্থীই এলাকার প্রকৃত পরিবর্তন আনতে সক্ষম।

ভোটের পরিবেশ প্রসঙ্গে নাহিদ ইসলাম অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি আশা প্রকাশ করেন, জনগণের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

Advertisement
Advertisement