Something went wrong

হাদির আরও একটি অপারেশন প্রয়োজন, শরীর প্রস্তুত নয়

রাজনীতি ডেস্ক
রাজনীতি ডেস্ক
১৬ ডিসেম্বর, ২০২৫ এ ৪:৩৬ পিএম
গুলিবিদ্ধ স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি। ছবি: সংগৃহীত

গুলিবিদ্ধ স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি। ছবি: সংগৃহীত

ওমর বিন হাদি গণমাধ্যমকে জানান, চিকিৎসকদের মতে হাদির শরীরে আরও একটি অপারেশন প্রয়োজন। তবে বর্তমানে তার শারীরিক শক্তি ও সার্বিক অবস্থা বিবেচনায় নিয়ে অস্ত্রোপচারটি এখনই করা সম্ভব নয়। চিকিৎসকেরা নিয়মিত পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছেন এবং পরিস্থিতি অনুকূলে এলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে সোমবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ সময় বিকাল ৫টা ৫০ মিনিটে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের সেলেতার বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর থেকে তাকে সরাসরি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই তাকে ভর্তি করে পূর্ণাঙ্গ পরীক্ষা-নিরীক্ষা শুরু করা হয়।

হাসপাতালে ভর্তির সময় থেকেই হাদির সঙ্গে সিঙ্গাপুরে অবস্থান করছেন তার ভাই ওমর বিন হাদি এবং ঘনিষ্ঠ বন্ধু আমিনুল হাসান ফয়সাল। চিকিৎসা কার্যক্রম নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সব প্রস্তুতি আগেই সম্পন্ন করা হয়েছিল বলে জানিয়েছেন স্বজনেরা।

উল্লেখ্য, সোমবার দুপুর ১টা ৫৫ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে উড্ডয়ন করে। উন্নত চিকিৎসার লক্ষ্যে এই বিশেষ ব্যবস্থায় তাকে বিদেশে পাঠানো হয়।

এর আগে গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর পল্টন এলাকায় গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় এবং সেখানেই তার চিকিৎসা চলছিল।

রোববার (১৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে এক জরুরি কল কনফারেন্সের মাধ্যমে হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ওই বৈঠকে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয়বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জাফর এবং হাদির ভাই ওমর বিন হাদি অংশ নেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওসমান হাদির চিকিৎসা সংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। তার চিকিৎসা কার্যক্রম সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে হাদির দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।

Advertisement