হঠাৎ অসুস্থ জামায়াত আমির ডা. শফিকুর রহমান


জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও প্রধান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। রাজধানীর শেওড়াপাড়া এলাকায় কাফরুল পশ্চিম থানার উদ্যোগে আয়োজিত এক আলোচনাসভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে যাওয়ার পথে তিনি অসুস্থ হন। এ কারণে নির্ধারিত অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি তিনি।
ঢাকা মহানগর উত্তর জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান মুসা জানান, নির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে ডা. শফিকুর রহমান যাত্রা শুরু করেছিলেন। কিন্তু পথেই তিনি বমি করেন এবং শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন। পরিস্থিতির কারণে তাকে অনুষ্ঠানস্থলে নেওয়া সম্ভব হয়নি। তিনি বলেন, “আমরা সবার কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করছি।”
ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিনও দলের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “আমরা জামায়াত আমিরের জন্য দোয়া করি—আল্লাহ যেন ওনাকে দ্রুত সুস্থতা দান করেন।” দলীয় নেতাকর্মীদের মধ্যেও এ ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, অসুস্থতার কারণে তাৎক্ষণিকভাবে তার বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে। তবে তার শারীরিক অবস্থার বিস্তারিত চিকিৎসা সংক্রান্ত তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বর্তমানে ডা. শফিকুর রহমান বিশ্রামে রয়েছেন। তার শারীরিক অবস্থার উন্নতি হলে পরবর্তী কর্মসূচি সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে বলে দলীয় নেতারা ইঙ্গিত দিয়েছেন।









