Something went wrong

স্বচ্ছ ডাকসু নির্বাচন উপহার দিলেন ঢাবি ভিসি: সারজিস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১০ সেপ্টেম্বর, ২০২৫ এ ৯:৪১ এএম
সারজিস আলম। ছবি : সংগৃহীত

সারজিস আলম। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেরুদণ্ড সোজা রেখে একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন উপহার দিয়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এ জন্য তিনি উপাচার্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বুধবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে সারজিস আলম এ মন্তব্য করেন। এর আগে সকালে ঘোষিত ডাকসু নির্বাচনের ফলে শীর্ষ তিন পদসহ বড় জয় পায় ছাত্রশিবির সমর্থিত প্যানেল।

পোস্টে তিনি লিখেছেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য স্যার, আপনাকে অভিনন্দন। মেরুদণ্ড সোজা রেখে সকল প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে আপনি যেভাবে একটি স্বচ্ছ ডাকসু নির্বাচন বাংলাদেশকে উপহার দিয়েছেন, তার জন্য আপনাকে এবং আপনার টিমকে দেশ কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।”

তিনি আরও লিখেছেন, “অনুগ্রহ করে গুটিকয়েক বিকৃত মস্তিষ্কের আচরণে কষ্ট পাবেন না। আপনি আমাদের সবার কাছেই শ্রদ্ধেয়।”

সারজিস আলম বলেন, অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়ে উপাচার্য যেভাবে দায়িত্বশীল ভূমিকা রেখেছেন, তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তিনি উপাচার্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

Advertisement
Advertisement