Something went wrong

ভোট ডাকাতি রুখতে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান হাসনাত আব্দুল্লাহর

কুমিল্লা (জেলা) প্রতিনিধি
কুমিল্লা (জেলা) প্রতিনিধি
২৬ জানুয়ারী, ২০২৬ এ ৩:২৯ এএম
কুমিল্লার দেবিদ্বারে নির্বাচনী পদযাত্রায় বক্তব্য রাখছেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। ছবি:সংগৃহীত

কুমিল্লার দেবিদ্বারে নির্বাচনী পদযাত্রায় বক্তব্য রাখছেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। ছবি:সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও জামায়াতের নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের কুমিল্লা-৪ আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, প্রশাসনের সামনেও যদি ভোট ডাকাতি করার চেষ্টা করা হয়, তাহলে জনগণকে ঐক্যবদ্ধভাবে তা প্রতিরোধ করতে হবে।

সোমবার (২৫ জানুয়ারি) বিকেলে কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকার ফতেহাবাদ গ্রামে আয়োজিত এক নির্বাচনী পদযাত্রায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, নির্বাচনে যেন ব্যাংক ডাকাতির মতো করে ভোট ডাকাতি না হয়, সে বিষয়ে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। ভোটগ্রহণের দিন থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, রেজাল্ট নিয়েই সবাইকে মাঠ ছাড়তে হবে।

জালভোট প্রসঙ্গে তিনি বলেন, অতীতের নির্বাচনগুলোতে মৃত ব্যক্তিরাও কষ্ট করে ভোট দিতে এসেছে—এমন দৃশ্য দেশবাসী দেখেছে। এবার যেন আর কোনো মৃত মানুষকে ভোট দিতে আসতে না হয়, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে বলে মন্তব্য করেন তিনি।

নারী ভোটারদের উদ্দেশে হাসনাত আব্দুল্লাহ বলেন, “আমি আপনাদের সন্তান। নির্বাচনে দাঁড়িয়েছি আপনাদের জন্য। যদি আমাকে সন্তান মনে করেন, তাহলে প্রতিদিন অন্তত ১০টি করে ভোট সংগ্রহ করবেন।” শাপলা কলির বিজয়ের জন্য নারী ভোটারদের ভোট ও দোয়া কামনা করেন তিনি।

নির্বাচনী পদযাত্রায় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, খেলাফত মজলিসের প্রার্থী মো. মজিবুর রহমান, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক লোকমান হাকিম ভূঁইয়া, দেবিদ্বার উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শহিদুল ইসলাম, এনসিপির দেবিদ্বার উপজেলা যুগ্ম সমন্বয়ক মো. জাহাঙ্গীর আলম, যুবশক্তির কেন্দ্রীয় নেতা নাহিদুল ইসলাম নাহিদ, পৌর জামায়াতের আমির ফেরদৌস আহম্মেদ, সহকারী সেক্রেটারি মো. জাকির হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।

নির্বাচনী পদযাত্রায় হাসনাত আব্দুল্লাহ ভোট সুরক্ষার ওপর জোর দিয়ে ভোটারদের সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করতে জনগণের সক্রিয় ভূমিকার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

Advertisement
Advertisement