Something went wrong

ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াত আমীরের সৌজন্য বৈঠক

রাজনীতি ডেস্ক
রাজনীতি ডেস্ক
২৪ নভেম্বর, ২০২৫ এ ৩:৩২ এএম
ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে ও জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের সৌজন্য বৈঠকের মুহূর্ত। ছবি: সংগৃহীত

ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে ও জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের সৌজন্য বৈঠকের মুহূর্ত। ছবি: সংগৃহীত

ঢাকায় সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই বৈঠক অনুষ্ঠিত হয়। দুই পক্ষের মধ্যে রাজনৈতিক, আঞ্চলিক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বৈঠকে জামায়াত আমীর ডা. শফিকুর রহমান ভুটান সরকারের উন্নয়নধারা, গণতান্ত্রিক অগ্রগতি এবং বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক জোরদারে ভুটানের ভূমিকাকে স্বাগত জানান। তিনি আশা প্রকাশ করেন—দুই দেশের পারস্পরিক যোগাযোগ, বাণিজ্য, শিক্ষা ও মানবিক খাতে সহযোগিতা আরও বৃদ্ধি পাবে।

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে বাংলাদেশের জনগণের আতিথেয়তার প্রশংসা করেন এবং বাংলাদেশ-ভুটান বন্ধুত্ব আরও সুদৃঢ় করার আগ্রহ ব্যক্ত করেন। দ্বিপাক্ষিক সম্পর্ককে সামনে রেখে তিনি বিভিন্ন সম্ভাব্য ক্ষেত্রের উন্নয়ন ও সহযোগিতার দিকগুলো তুলে ধরেন।

বৈঠকে উপস্থিত জামায়াত নেতারা দক্ষিণ এশিয়ায় শান্তি, মানবকল্যাণ ও অর্থনৈতিক অগ্রগতির বিষয়ে তাঁদের মতামত তুলে ধরেন। তারা বলেন, আঞ্চলিক সহযোগিতা জোরদার হলে জনগণের সার্বিক উন্নয়ন নিশ্চিত হবে। বৈঠকে সমসাময়িক আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও সংক্ষিপ্ত আলোচনা হয়।

এ বৈঠকে জামায়াত আমীরের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং জামায়াত আমীরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান। বৈঠক শেষে উভয় পক্ষ ভবিষ্যৎ সহযোগিতা আরও গভীর করার প্রত্যাশা ব্যক্ত করেন।

Advertisement
Advertisement