ভিক্ষুক থেকে শিল্পপতি—চাঁদাবাজিতে সবার ঘুম হারাম: ডা. শফিকুর রহমান


কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে ১১ দলীয় জোটের নির্বাচনি সমাবেশে বক্তব্য দিচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবিসংগৃহীত
কুমিল্লা, শুক্রবার (৩০ জানুয়ারি)—দেশজুড়ে চাঁদাবাজির কারণে সাধারণ ভিক্ষুক থেকে শুরু করে বড় শিল্পপতি পর্যন্ত সবাই নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে ১১ দলীয় জোটের নির্বাচনি সমাবেশে তিনি এ কথা বলেন।
সমাবেশে বক্তব্য দিতে গিয়ে ডা. শফিকুর রহমান বলেন, চাঁদাবাজির কারণে মানুষের ঘুম হারাম হয়ে গেছে। তিনি চাঁদাবাজদের উদ্দেশে বলেন, “তোমরা মানুষের অভিশাপের পাত্রে পরিণত হয়েছো। তওবা করে এই পথ থেকে ফিরে আসো।”
জামায়াত আমির বলেন, যেসব দেশে মাঠে-ঘাটে-হাটে সর্বত্র চাঁদাবাজি চলে, সেই দেশকে সভ্য বলা যায় না। তিনি চাঁদাবাজদের উদ্দেশে বলেন, “তোমরাও আমাদের সন্তান। খাদ্যের অভাব হলে আমরা ভাগাভাগি করে খাব। কিন্তু চাঁদাবাজি বন্ধ করো, হারামের পথে হাত বাড়িও না।”
তিনি অভিযোগ করেন, বর্তমান পরিস্থিতিতে কিছু গোষ্ঠী দিশেহারা হয়ে নারীদের ওপর নির্যাতনে জড়াচ্ছে। এ বিষয়ে তিনি কঠোর অবস্থান তুলে ধরে বলেন, “আমাদের জীবনের চেয়েও মায়েদের ইজ্জতের মর্যাদা অনেক বেশি। মায়েদের গায়ে হাত দিলে আমরা ছেড়ে কথা বলব না।”
একটি রাজনৈতিক দলের সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, গণতন্ত্র মানে পরিকল্পনা নিয়ে জনগণের কাছে যাওয়া এবং জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা রাখা। তিনি বলেন, “গণতন্ত্রের কথা বলবেন আর আচরণ হবে ফ্যাসিবাদের মতো—এই দুটো একসঙ্গে চলে না।”
তিনি আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে তথাকথিত ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ নিয়ে বাণিজ্য চলছে। কোথাও দুই হাজার, কোথাও সাত হাজার, কোথাও আবার লাখ বা কোটির প্রলোভন দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এ অবস্থাকে জনগণের সঙ্গে প্রতারণা হিসেবে আখ্যা দেন জামায়াত আমির।
সমাবেশে তিনি বলেন, দেশের জনগণ বিশেষ করে মা ও বোনেরা এখন নিরাপদ বাংলাদেশ চায়। তাঁর দাবি, ১১ দলীয় জোটই একটি নিরাপদ ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম। তিনি বলেন, “মায়েদের গায়ে চাবুক মারা যেতে পারে, কিন্তু মনের ওপর চাবুক চালানো যাবে না।”
ডা. শফিকুর রহমান বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা বুকের তাজা রক্ত দিয়ে লড়েছে, সেই তরুণরা এখনো জেগে আছে। জনগণের ভোট নিয়ে কোনো ষড়যন্ত্র হলে তারা আবারও রুখে দাঁড়াবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা। কুমিল্লা-৬ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় স্থানীয় নেতৃবৃন্দও বক্তব্য দেন।








