বিনা খরচে ভোটে জিতেছি, এখন বিনা খরচেই সেবা দেব: হাসনাত আবদুল্লাহ


দেবিদ্বার উপজেলা পরিষদে আইনশৃঙ্খলা সভায় বক্তব্য রাখছেন এমপি হাসনাত আবদুল্লাহ। ছবি: সংগৃহীত
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, জনগণ তাকে বিনাপয়সায় ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাই তিনিও বিনাপয়সায় সেবা দিতে চান। বুধবার (২৫ ফেব্রুয়ারি) কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদে আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাকিবুল ইসলাম।
এমপি হাসনাত বলেন, নির্বাচনে তিনি একটি পয়সাও খরচ করেননি। তাই জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করবেন। তার ভাষায়, “আমার এলাকার মানুষ কোথাও মৌলিক সেবা পেতে হয়রানির শিকার হবে না। মানুষ আমার কাছে প্রত্যাশা করে, আমি সেই প্রত্যাশা পূরণে কাজ করব।”
সভায় গোমতী নদী থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ তুলে তিনি বলেন, কিছু অসাধু চক্র আগেভাগেই প্রশাসনের তৎপরতার খবর পেয়ে যায়। ফলে অভিযানে গিয়ে কাউকে পাওয়া যায় না। তিনি অভিযোগ করেন, জরিমানা করলেও সেটিকে তারা ‘ইনভেস্টমেন্ট’ হিসেবে ধরে নেয়। তার দাবি, “সমঝোতার ভিত্তিতেই গোমতী নদী থেকে মাটি কাটা হচ্ছে, এতে থানা পুলিশের কিছু সদস্য জড়িত থাকতে পারে।”
হাসনাত আবদুল্লাহ জানান, তিনি সম্প্রতি রাতে গোমতী নদীর বিভিন্ন স্পট পরিদর্শন করেছেন। তবে তার যাওয়ার খবর আগেই ছড়িয়ে পড়ায় সেদিন কেউ মাটি কাটেনি। তিনি প্রশাসনকে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দেন এবং বলেন, দেবিদ্বারের পাঁচটি নির্দিষ্ট স্পটে যেন আর এক কোদাল মাটিও কাটা না হয়। অন্যথায় আইনগত ব্যবস্থা নিতে হবে।
দেবিদ্বার নিউমার্কেট বাজার স্থানান্তর প্রসঙ্গে তিনি বলেন, সড়কের রোড ডিভাইডারের মধ্যে দোকান বসানোর কারণে যানজট তৈরি হচ্ছে। ব্যবসায়ীদের জন্য স্থায়ী সমাধান তৈরির কথা জানিয়ে তিনি প্রশাসনকে পুরাতন বাজার ও জেলা পরিষদ মার্কেট প্রস্তুত করার নির্দেশ দেন। প্রয়োজনে ব্যবসায়ীদের সেখানে স্থানান্তরে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
সভায় উপস্থিত প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান সংসদ সদস্য। তার মতে, প্রশাসনের সমন্বিত উদ্যোগেই দেবিদ্বারকে সুশৃঙ্খল ও বাসযোগ্য করা সম্ভব।









