ফজরের নামাজের পর সড়ক পরিষ্কার করে দিন শুরু করলেন ডা. শফিকুর রহমান

রাজনীতি ডেস্ক
রাজনীতি ডেস্ক
১৮ ফেব্রুয়ারী, ২০২৬ এ ৫:৩৯ এএম
ডা. শফিকুর রহমান মিরপুরের বাইতুন নূর মসজিদের সামনের রাস্তা পরিষ্কার করছেন। ছবি: সংগৃহীত

ডা. শফিকুর রহমান মিরপুরের বাইতুন নূর মসজিদের সামনের রাস্তা পরিষ্কার করছেন। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ফজরের নামাজের পর নিজ হাতে রাস্তা ঝাড়ু দিয়ে প্রথম দিনের কার্যক্রম শুরু করেছেন। তিনি জানান, সমাজকে পরিচ্ছন্ন করে মানসিক ও পরিবেশগত পরিবর্তন আনার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৫টার দিকে রাজধানীর মিরপুরের মনিপুর উচ্চ বিদ্যালয় মূল বালিকা শাখা সংলগ্ন বাইতুন নূর মসজিদ এলাকায় ডা. শফিকুর রহমান পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। সঙ্গীদের সঙ্গে প্রায় ৩০ মিনিট তিনি মসজিদের সামনের সড়ক পরিষ্কার করেন।

পরিচ্ছন্নতা কার্যক্রমের পর ডা. শফিকুর রহমান সাংবাদিকদের বলেন, “আমরা সমাজের মানসিক ও শারীরিক আবর্জনা দূর করতে চাই। রাস্তা, ড্রেনের ময়লা থেকে শুরু করে মানুষের মানসিক দুষ্ট চিন্তা সবকিছু ধীরে ধীরে দূর হবে। আল্লাহ চাইলে আমরা সবাই একসাথে কাজ করব।”

তিনি আরও বলেন, “প্রতিদিন ফজরের পরে আমরা অন্তত আধা ঘণ্টা সময় আমাদের এলাকার পরিচ্ছন্নতায় ব্যয় করব। এতে পরিবেশ সুন্দর হবে, মানুষের মন সুস্থ থাকবে, দায়িত্ববোধ বাড়বে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে। আমরা চাই এই এলাকা আদর্শ এলাকা হিসেবে গড়ে উঠুক। সরকার আমাদের সহায়তা দিক বা না দিক, আমাদের উদ্যোগই মূল। তবে আমরা দাবি রাখব আমাদের এলাকার ন্যায্য সুবিধা থেকে বঞ্চিত হবেনা।”

ডা. শফিকুর রহমানের এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে। তার উদ্দেশ্য হলো এলাকার মানুষকে উদ্বুদ্ধ করা, যাতে সবাই নিজেদের অংশগ্রহণের মাধ্যমে পরিচ্ছন্ন সমাজ গড়ে তোলার দায়িত্ব গ্রহণ করে।

নতুন দায়িত্ব ও শপথ গ্রহণের পর তিনি এই কর্মসূচির মাধ্যমে বার্তা দিয়েছেন যে সমাজের ছোট্ট পরিবর্তনও বড় ইতিবাচক প্রভাব ফেলে। তার এই ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয়দের মধ্যে সচেতনতা বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে।