নরসিংদীতে কিশোরী হত্যা: দ্রুত বিচার ও কঠোর শাস্তির দাবি জামায়াতের

রাজনীতি ডেস্ক
রাজনীতি ডেস্ক
২৭ ফেব্রুয়ারী, ২০২৬ এ ৯:৪৭ এএম
নরসিংদীর মাধবদীতে কিশোরী হত্যা ঘটনায় বিচার দাবিতে বিবৃতি দিয়েছে জামায়াতে ইসলামী।

নরসিংদীর মাধবদীতে কিশোরী হত্যা ঘটনায় বিচার দাবিতে বিবৃতি দিয়েছে জামায়াতে ইসলামী।

নরসিংদীর মাধবদীতে এক কিশোরীকে অপহরণের পর ধর্ষণ ও হত্যার ঘটনায় গভীর উদ্বেগ, শোক ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের অপরাধীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। তিনি বলেন, এ ধরনের নৃশংস ঘটনা মানবতা ও আইনের শাসনের ওপর গুরুতর আঘাত।

বিবৃতিতে জুবায়ের বলেন, মাধবদীর ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। তিনি নিহত কিশোরীর রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি।

তিনি আরও বলেন, ধর্ষণ ও হত্যার মতো জঘন্য অপরাধের ক্ষেত্রে কোনো রাজনৈতিক প্রভাব, সামাজিক চাপ বা আপসের সুযোগ থাকা উচিত নয়। অপরাধীরা যে দল, গোষ্ঠী বা প্রভাবশালী মহলেরই হোক না কেন, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। এ ধরনের ঘটনা ধামাচাপা দেওয়ার যেকোনো অপচেষ্টা আরও বড় অপরাধ বলে মন্তব্য করেন তিনি।

জামায়াতের এ নেতা দাবি করেন, ন্যায়বিচার নিশ্চিত না হলে সমাজে আইনের প্রতি মানুষের আস্থা ক্ষতিগ্রস্ত হবে এবং অপরাধপ্রবণতা বাড়বে। তাই দ্রুত তদন্ত সম্পন্ন করে বিচার প্রক্রিয়া শুরু করার আহ্বান জানান তিনি।

বিবৃতিতে সরকারকে দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কার্যকর ও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি নরসিংদীর এ মামলার দ্রুত বিচার সম্পন্ন করে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি পুনর্ব্যক্ত করা হয়।

ঘটনাটি নিয়ে স্থানীয় পর্যায়ে উদ্বেগ তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত কার্যক্রম চালাচ্ছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট মহল বলছে, বিচার প্রক্রিয়ার অগ্রগতি এখন জনসাধারণের নজরে থাকবে।