Something went wrong

ডাকসু নির্বাচনে ভোট কারচুপি প্রসঙ্গে নতুন অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৯ সেপ্টেম্বর, ২০২৫ এ ৭:৪৬ এএম
ছবি:সংগৃহীত

ছবি:সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে টিএসসি কেন্দ্রের টেবিল নম্বর ১-এ পূর্বেই ক্রস চিহ্ন দেওয়া ব্যালট সরবরাহের অভিযোগ উঠেছে। ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেল থেকে ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাকারী রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গা এই অভিযোগ তোলেন। তিনি জানান, তার এক পরিচিত ভোটার লাবু রাখাইন ভোট দিতে গিয়ে দেখেন— ব্যালট পেপারে ইতোমধ্যে সাদিক কায়েম ও এস এম ফরহাদের পক্ষে ভোট প্রদান করা হয়েছে।

এই অভিযোগের পরিপ্রেক্ষিতে রিটার্নিং কর্মকর্তা ড. নাসরিন সুলতানা বলেন, “ভোটার বুথে প্রবেশের পর ব্যালট নিয়ে এমন অভিযোগের কোনো ভিত্তি নেই। আমরা সকল ব্যালট পেপার পর্যালোচনা করেছি এবং কোথাও পূর্বে ভোট দেওয়ার প্রমাণ পাইনি।” তিনি আরও বলেন, “অভিযোগকারী কিছু সময় বুথে অবস্থান করে তারপর অভিযোগ করেন, ফলে বিষয়টি সন্দেহজনক। এরপরও আমরা তাকে একটি নতুন ব্যালট প্রদান করেছি।”

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। ইতোমধ্যে এই কেন্দ্রে ৫০ শতাংশের বেশি ভোট কাস্ট হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। তিনি জানান, “নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে এই ধরনের অভিযোগ আনা হতে পারে। অথবা এটি ভোটারের পক্ষ থেকেই ভুল হয়েছে।”

এদিকে ঘটনার প্রতিক্রিয়ায় ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান তীব্র ক্ষোভ প্রকাশ করেন। বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকরা বিষয়টি জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা ব্যাখ্যা দেন এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনার আশ্বাস প্রদান করেন।

Advertisement
Advertisement