Something went wrong

জামায়াত উন্নয়নে বিশ্বাস করে না, তারা মানুষের আবেগ নিয়ে খেলে: পার্থ

রাজনীতি ডেস্ক
রাজনীতি ডেস্ক
৮ ফেব্রুয়ারী, ২০২৬ এ ৪:০১ এএম
ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নে নির্বাচনি সমাবেশে বক্তব্য দিচ্ছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। ছবি সংগৃহীত

ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নে নির্বাচনি সমাবেশে বক্তব্য দিচ্ছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। ছবি সংগৃহীত

ভোলা-১ আসনের বিএনপি–জোট সমর্থিত প্রার্থী ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ জামায়াতের কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেন, জামায়াত জান্নাতের টিকিট দেখিয়ে মানুষের ভোট নিতে চায়, যা লজ্জাজনক ও নিন্দনীয়। তার অভিযোগ, জামায়াত উন্নয়নে বিশ্বাস করে না; তারা মানুষের ধর্মীয় আবেগকে রাজনৈতিকভাবে ব্যবহার করে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ব্যাংকের হাট বাজার বালুর মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনি সমাবেশে এসব কথা বলেন পার্থ। তিনি বলেন, এমন কাউকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না, যাদের শাসনে হিন্দু ভাই-বোনেরা নিজেদের ঘরে নিরাপদে ঘুমাতে পারবে না—এই আশঙ্কা তৈরি হয়।

সমাবেশে বক্তৃতায় পার্থ বলেন, বাংলাদেশে হিন্দু ও মুসলমান যুগ যুগ ধরে একই আকাশের নিচে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। কিন্তু একটি গোষ্ঠী এই সহাবস্থানের বিশ্বাসে আস্থা রাখে না এবং বিভাজনের রাজনীতি করে। তিনি বলেন, এই রাজনীতি দেশের জন্য ক্ষতিকর।

নিজের নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে পার্থ বলেন, ভোটারদের সমর্থনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে ভোলার ইতিহাসে সর্বোচ্চ উন্নয়ন নিশ্চিত করবেন। শিক্ষা, যোগাযোগ, কর্মসংস্থান ও অবকাঠামো উন্নয়নকে তিনি অগ্রাধিকার দেবেন বলেও জানান।

সমাবেশে ভেদুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. অলিউল্ল্যাহ মাস্টারের সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ, হুমায়ুন কবির সোপান, সদস্য সচিব রাইসুল আলম এবং জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন। এছাড়া বিজেপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ভোলা-১ আসনে প্রচারণা জোরদার হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই আসনে দলগুলোর বক্তব্য ও প্রতিশ্রুতি ভোটারদের সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Advertisement