ক্ষমতায় এলে জুলাই যোদ্ধাদের অধিকার নিশ্চিত করবে বিএনপি: মির্জা ফখরুল

রাজনীতি ডেস্ক
রাজনীতি ডেস্ক
৫ ফেব্রুয়ারী, ২০২৬ এ ৪:৪১ এএম
ঠাকুরগাঁওয়ে জুলাই যোদ্ধা ও তাদের পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে জুলাই যোদ্ধা ও তাদের পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

বিএনপি ক্ষমতায় এলে জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধাদের সর্বোচ্চ সম্মান, নিরাপত্তা ও প্রাপ্য অধিকার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আহত জুলাই যোদ্ধাদের উন্নত চিকিৎসার প্রয়োজনে বিদেশে পাঠানোর ব্যবস্থাও করা হবে।

বুধবার রাত ১০টায় ঠাকুরগাঁওয়ের মির্জা রুহুল আমিন মিলনায়তনে জুলাই যোদ্ধা ও তাদের পরিবারবর্গের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব। সভায় তিনি জুলাই আন্দোলনে অংশ নেওয়া তরুণদের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপির নেতৃত্বাধীন আন্দোলন এবং তরুণদের সাহসী ও দৃঢ় জুলাই আন্দোলনের সম্মিলিত শক্তির কারণেই তৎকালীন ফ্যাসিবাদী সরকারের পতন সম্ভব হয়েছে। তিনি আন্দোলনের যোদ্ধাদের ‘বীর সন্তান’ হিসেবে উল্লেখ করে বলেন, রাষ্ট্রের পক্ষ থেকে তাদের সম্মান ও সুরক্ষা নিশ্চিত করা নৈতিক দায়িত্ব।

ফ্যাসিস্ট সরকারের সময় সংঘটিত অপরাধের বিচার প্রসঙ্গে তিনি বলেন, যারা ফ্যাসিস্ট কায়দায় অপরাধ করেছে, তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। বিচার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

ঠাকুরগাঁওয়ের সার্বিক উন্নয়ন নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বিএনপি মহাসচিব বলেন, জেলাটি দীর্ঘদিন ধরে অবহেলিত ও দরিদ্র রয়ে গেছে। অতীতের সরকারগুলো প্রতিশ্রুতি দিলেও শিল্পকারখানা বা বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেনি। বিএনপি ক্ষমতায় গেলে এই অঞ্চলে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা হবে বলে তিনি আশ্বাস দেন।

এ ছাড়া ব্যক্তিগত উদ্যোগে ফার্ম স্থাপন, কারিগরি শিক্ষার প্রসার এবং তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ জনশক্তি তৈরিতে বিশেষ প্রকল্প নেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। এসব উদ্যোগের মাধ্যমে তরুণদের ঘরে বসেই আয়ের সুযোগ সৃষ্টি হবে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।

সভায় তিনি ঠাকুরগাঁওয়ে একটি মেডিকেল কলেজ স্থাপনের আশ্বাস দেন এবং জুলাই আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। মতবিনিময় সভায় জেলা বিএনপির স্থানীয় নেতাকর্মী, জুলাই আন্দোলনের যোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।