Something went wrong

আজ সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

রাজনীতি ডেস্ক
রাজনীতি ডেস্ক
৩১ জানুয়ারী, ২০২৬ এ ৪:৫৭ এএম
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি সংগৃহীত

সিরাজগঞ্জ–টাঙ্গাইল | শনিবার (আজ) — বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ শনিবার সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলায় সফরে যাচ্ছেন। দলীয় কর্মসূচির অংশ হিসেবে তিনি দুটি পৃথক জনসভায় বক্তব্য দেবেন বলে নিশ্চিত করেছে বিএনপির সংশ্লিষ্ট সূত্র।

দলীয় সূত্র জানায়, দুপুর ২টায় রংপুর থেকে ঢাকায় ফেরার পথে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া এলাকায় বিসিক শিল্প পার্কে আয়োজিত নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান। এ জনসভায় তিনি সিরাজগঞ্জ ও পাবনা জেলার সব সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন।

এই কর্মসূচিকে কেন্দ্র করে সিরাজগঞ্জে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। জনসভা সফল করতে বিশাল মঞ্চ নির্মাণ করা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা জনসভাস্থল পরিদর্শন করেছেন।

সিরাজগঞ্জের ছয়টি আসনে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, “তারেক রহমানের জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। দীর্ঘদিন পর তার আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আমরা আশা করছি, সমাবেশে রেকর্ডসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের সমাগম ঘটবে।”

সিরাজগঞ্জের জনসভা শেষে তারেক রহমানের পরবর্তী গন্তব্য টাঙ্গাইল। শনিবার বিকাল ৪টায় যমুনাসেতু–টাঙ্গাইল–ঢাকা মহাসড়কের দরুন-চরজানা বাইপাস সংলগ্ন খোলা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।

দলীয় সূত্র জানায়, টাঙ্গাইল জেলায় এটি তারেক রহমানের প্রথম রাজনৈতিক জনসভা। দীর্ঘদিন পর প্রিয় নেতাকে কাছ থেকে দেখার আশায় টাঙ্গাইল বিএনপির নেতাকর্মীরা মুখিয়ে আছেন। তার আগমনকে ঘিরে জেলা বিএনপি ব্যাপক প্রস্তুতি নিয়েছে। জনসভাস্থল নির্ধারণ ও একাধিকবার পরিদর্শনের পাশাপাশি সার্বিক তদারকি করছেন দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু। সমাবেশস্থলে বড় মঞ্চ, শতাধিক মাইকসহ প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুত করা হয়েছে। এছাড়া বৃহস্পতিবার রাতে নেতাকর্মীদের নিয়ে বিশেষ প্রস্তুতি সভাও অনুষ্ঠিত হয়।

Advertisement
Advertisement