২২ বছর পর ময়মনসিংহে তারেক রহমান, জনসভা ঘিরে প্রস্তুতি

রাজনীতি ডেস্ক
রাজনীতি ডেস্ক
২৭ জানুয়ারী, ২০২৬ এ ৬:০০ এএম
ময়মনসিংহে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনি জনসভা। ছবি: সংগৃহীত

ময়মনসিংহে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনি জনসভা। ছবি: সংগৃহীত

প্রায় ২২ বছর পর আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) ময়মনসিংহে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুর ২টায় নগরীর সার্কিট হাউস মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন। এ উপলক্ষে নগরজুড়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং স্মরণকালের অন্যতম বড় জনসমাগম হবে বলে আশা করছেন বিএনপির নেতাকর্মীরা।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, এ জনসভায় ময়মনসিংহ বিভাগের ২৪টি সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থীদের এক মঞ্চে পরিচয় করিয়ে দেওয়া হবে। একই সঙ্গে তাদের পক্ষে ভোট চেয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন তারেক রহমান। জনসভায় সভাপতিত্ব করবেন ময়মনসিংহ জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক জাকির হোসেন।

দলীয় সূত্র জানায়, নির্বাচনের শেষ পর্যায়ে নেতাকর্মীদের চাঙ্গা করতে এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপন্থা স্পষ্ট করতেই এই জনসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারেক রহমান দলকে বিজয়ের পথে এগিয়ে নিতে করণীয় বিষয়গুলো তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে।

এদিকে সোমবার এক সংবাদ সম্মেলনে বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম জানান, চার জেলা ছাড়াও ময়মনসিংহ মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা এবং উপজেলার নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক সভা সম্পন্ন হয়েছে। সব ইউনিটকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং মূল মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে।

তিনি বলেন, বিপুলসংখ্যক মানুষের সমাগমের কথা বিবেচনা করে সমাবেশস্থলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এলইডি স্ক্রিন বসানো হচ্ছে। নারীদের জন্য থাকবে আলাদা ব্যবস্থা। সার্কিট হাউস মাঠে সুপেয় পানির ব্যবস্থা রাখা হবে এবং পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় থাকবে।

শরীফুল আলম আরও জানান, সর্বশেষ ২০০৪ সালে ময়মনসিংহে ইউনিয়ন প্রতিনিধি সভায় অংশ নিয়েছিলেন তারেক রহমান। দীর্ঘ ২২ বছর পর তার আগমনকে ঘিরে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। প্রশাসনের কাছে লিখিতভাবে অনুমতি চাওয়া হয়েছে এবং তারা সহযোগিতা করছেন বলেও জানান তিনি।

দলীয় নেতারা আশা করছেন, শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ জনসভা বিএনপির নির্বাচনি প্রচারণায় নতুন গতি আনবে এবং ময়মনসিংহ বিভাগে ভোটের মাঠে ইতিবাচক প্রভাব ফেলবে।