হাদির সুস্থতা কামনায় হেফাজতে ইসলামের দেশব্যাপী দোয়ার আহ্বান


গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি।
ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হওয়ার ঘটনায় তার দ্রুত সুস্থতা কামনায় দেশব্যাপী দোয়ার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম, বাংলাদেশ। শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর পাঠানো বিবৃতিতে জানানো হয়, সংগঠনের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান যৌথভাবে এ বক্তব্য প্রদান করেন।
বিবৃতিতে নেতারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অগ্রণী ভূমিকা রাখা এবং জুলাই চেতনায় বিশ্বাসী নতুন প্রজন্মের সাহসী কণ্ঠস্বর শরিফ ওসমান হাদি বর্তমানে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। তার দ্রুত আরোগ্য কামনায় মসজিদ, মাদ্রাসাসহ দেশের সর্বস্তরের মানুষকে আল্লাহর দরবারে দোয়া করার আহ্বান জানানো হয়।
হেফাজত নেতারা অভিযোগ করেন, আওয়ামী ফ্যাসিবাদ ও আধিপত্যবাদী শক্তি পরিকল্পিতভাবে জুলাই আন্দোলনের নেতাকর্মীদের টার্গেট করে গুপ্ত হত্যায় লিপ্ত হয়েছে। তারা বলেন, গুলি চালিয়ে বা ভয় দেখিয়ে বিপ্লবীদের কণ্ঠ স্তব্ধ করা যাবে না, কারণ তারা মৃত্যুকে ভয় পায় না।
বিবৃতিতে আরও বলা হয়, এক শরিফ ওসমান হাদির রক্তের বিনিময়ে আরও বহু ওসমান হাদি রাজপথে দাঁড়িয়ে যাবে। জনগণকে ভয়ভীতি দেখিয়ে দমিয়ে রাখার যে কোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নেতারা।
হেফাজতে ইসলাম নেতারা ওসমান হাদির ওপর হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে আওয়ামী সন্ত্রাসবাদ রোধে অন্তর্বর্তী সরকারকে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ এবং আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের স্বার্থে আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণের আহ্বান জানান।
শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনা রাজনৈতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। তার শারীরিক অবস্থার উন্নতি ও ঘটনার সুষ্ঠু তদন্ত এখন দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।








