মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে আসলে কী ঘটেছিল? ব্যাখ্যা দিলেন গয়েশ্বর রায়


বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ছবিঃ সংগৃহীত
মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে ভাইরাল হওয়া একটি ভিডিওকে ঘিরে নিজের অবস্থান পরিষ্কার করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক মতবিনিময় সভায় তিনি বলেন, মন্ত্রী হওয়ার কোনো আগ্রহ তার নেই; সংসদ সদস্য হিসেবেই জনগণের কথা সংসদে তুলে ধরাই তার লক্ষ্য।
উপজেলা প্রশাসনের আয়োজনে কেরানীগঞ্জে কর্মরত সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে তিনি সাম্প্রতিক শপথ অনুষ্ঠান সংক্রান্ত আলোচিত ঘটনাটি ব্যাখ্যা করেন।
গত ১৭ ফেব্রুয়ারি মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে তার সঙ্গে এক কর্মকর্তার কথাকাটাকাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ বিষয়ে গয়েশ্বর রায় বলেন, “মন্ত্রিসভায় ডাক পেলে আমি আগেই জানতে পারতাম। সিনিয়র নেতা হিসেবে আমাকে সামনের সারিতে বসার আসন দেওয়া হয়েছিল। কিন্তু এক কর্মকর্তা না জেনে মন্ত্রী ছাড়া সবাইকে আসন ছেড়ে যেতে বলেন। এমনকি না গেলে এসএসএফ ডেকে ব্যবস্থা নেওয়ার হুমকিও দেন।”
তিনি জানান, এ পরিস্থিতিতে তিনি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। বের হওয়ার সময় অনেকে তাকে থেকে যাওয়ার অনুরোধ করলে তিনি কিছুটা বিরক্তি প্রকাশ করেন। তার দাবি, সেই মুহূর্তের প্রতিক্রিয়াকেই গণমাধ্যমে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে।
বিএনপির এই নেতা আরও বলেন, “আমি মন্ত্রিত্ব নিতে চাই না। সংসদ সদস্য হয়ে জনগণের কথা বলতে চাই।” একই সঙ্গে তিনি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান জানান এবং ঘটনার পূর্ণ প্রেক্ষাপট তুলে ধরার অনুরোধ করেন।
বর্তমানে ভাইরাল ভিডিওটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। তবে গয়েশ্বর রায়ের বক্তব্যে ঘটনার একটি ব্যাখ্যা সামনে এসেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া গেলে বিষয়টি আরও স্পষ্ট হবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।










