ভোরে জামায়াত আমিরের ফেসবুক স্ট্যাটাস ভাইরাল: ‘ইনকিলাব জিন্দাবাদ’


জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান। এবার বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের আমির ডা. শফিকুর রহমানও একই মর্মে একটি স্ট্যাটাস দিয়েছেন, যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে।
রোববার ভোর ৬টা নাগাদ ডা. শফিকুর রহমান নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দেন। স্ট্যাটাসে তিনি লেখেন, “ইনশাআল্লাহ, আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ। ইনকিলাব জিন্দাবাদ।”
প্রকাশের মাত্র চার ঘণ্টায় পোস্টটিতে ২.২৫ লাখ রিঅ্যাকশন, প্রায় ২৬ হাজার মন্তব্য এবং ৩.২ হাজার শেয়ার রেকর্ড করা হয়েছে।
পোস্টটি দেওয়ার পেছনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বক্তব্য প্রভাব ফেলেছে। মন্ত্রী বলেছিলেন, “বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলা ভাষাকে যদি মায়ের ভাষা বলতে হয়, তাহলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না। এগুলোর সঙ্গে বাংলার কোনো সম্পর্ক নেই।”
এর আগে একই সুরের পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে করেছেন হাসনাত আব্দুল্লাহ, নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলম। এরপর এবার জামায়াত আমিরও একই বার্তা দেন, যা জাতীয় পর্যায়ে আলোচনার সৃষ্টি করেছে।
এ ঘটনা দেশের রাজনৈতিক ও সামাজিক পর্যবেক্ষকদের মধ্যে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং প্রচারমাধ্যমে বিষয়টি সরাসরি ট্রেন্ডিং তালিকায় উঠে এসেছে।










