“প্রত্যেকটা হিসাব কড়ায়-গণ্ডায় বুঝে নেব”: হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটোয়ারীর


জাতীয় নাগরিক পার্টির সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বায়তুল মোকাররমে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দিচ্ছেন। ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী হুঁশিয়ারি দিয়েছেন, “প্রত্যেকটি ঘটনার হিসাব কড়ায়-গণ্ডায় আমরা বুঝে নেব।” তিনি সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত এক বিক্ষোভ-সমাবেশে এ মন্তব্য করেন।
সমাবেশটি জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের উদ্যোগে আয়োজন করা হয়েছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সারাদেশে ঘটে যাওয়া সহিংসতা, নির্যাতন, হত্যা ও ধর্ষণের প্রতিবাদে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
ভোট কারচুপির অভিযোগ তুলে নাসীরুদ্দীন বলেন, “ওরা শুধু ভোট চুরি করেনি, ডাকাতি করেছে। নির্বাচনের সময় যেসব বোনের ওপর আক্রমণ করা হয়েছে, পেটে লাথি মারা হয়েছে, বোরকা ধরে টান দেওয়া হয়েছে, গুলিবিদ্ধ করা হয়েছে—আমরা প্রত্যেকটির হিসাব কড়ায়-গণ্ডায় বুঝে নেব ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “এতদিন বলা হতো আমরা নির্বাচন চাই না। কিন্তু আমরা দেখিয়েছি, আমরা বাংলাদেশে গণতন্ত্র চাই। এখন আর কোনো নয়ছয় চলবে না। সংস্কারের পক্ষে জনগণ যে হ্যাঁ ম্যান্ডেট দিয়েছে, তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। একইসঙ্গে বাংলাদেশে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্ব বন্ধ করতে হবে।”
পাটোয়ারী জানান, নির্বাচনের পরও ১১ দলীয় জোট জনগণের সামনে আবার হাজির হয়েছে। বিরোধী দল হিসেবে রাজপথে থাকব—এবং জনগণের ওপর যারা নতুনভাবে জুলুম চাপিয়ে দিতে চায়, তাদের “ইঞ্চি ইঞ্চি করে বুঝে নেব।”
এছাড়া, ঢাকা-৮ আসনের শহীদ এমপি ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচারের দাবি তুলে তিনি বলেন, “আজ আমাদের মাঝে থাকতে পারতেন শহীদ ওসমান হাদি, কিন্তু আল্লাহ তাকে শহীদ হিসেবে নিয়েছেন। আমরা বিচারের দাবিতে মাঠে গিয়েছি। সরকারের কাছে আহ্বান জানাই দ্রুত গতিতে ওসমান হাদি হত্যার বিচার কার্যকর করতে।










