নবীর ন্যায়পরায়ণতায় দেশ পরিচালনার অঙ্গীকার তারেক রহমানের

রাজনীতি ডেস্ক
রাজনীতি ডেস্ক
২২ জানুয়ারী, ২০২৬ এ ৮:৫৪ এএম
সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির নির্বাচনি জনসভায় বক্তব্য দিচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি সংগৃহীত

সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির নির্বাচনি জনসভায় বক্তব্য দিচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি সংগৃহীত

আগামী ২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন করলে নবী করিম (সা.)-এর ন্যায়পরায়ণতার ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সিলেটে বিএনপির প্রথম নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, দেশে-বিদেশে ষড়যন্ত্র এখনও সক্রিয়। যারা ষড়যন্ত্র করছে, তাদের বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। অতীতের মতো জনগণ ঐক্যবদ্ধ থাকলে আগামীতেও সব ষড়যন্ত্র প্রতিহত করা সম্ভব হবে বলে তিনি মন্তব্য করেন।

উন্নয়নের নামে লুটপাট ও সম্পদ পাচারের অভিযোগ তুলে তিনি বলেন, দেশের মানুষের সম্পদ বিদেশে পাচার করা হয়েছে। এই পরিস্থিতির পরিবর্তন চায় বিএনপি। কৃষকের পাশে দাঁড়ানোর অঙ্গীকার জানিয়ে তিনি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

গত ১৫–১৬ বছরে দেশের স্বার্থ জলাঞ্জলি দেওয়ার অভিযোগ করে বিএনপির চেয়ারম্যান বলেন, “দিল্লি নয়, পিন্ডি নয়—সবার আগে বাংলাদেশ”—এই নীতিতেই বিএনপি বিশ্বাস করে। ‘টেক ব্যাক বাংলাদেশ’ স্লোগানের কথা উল্লেখ করে তিনি বলেন, স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়ে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে।

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের প্রসঙ্গে তারেক রহমান বলেন, ওই দিনের নির্বাচনের মাধ্যমে ধানের শীষ বিজয়ী হলে গণতন্ত্রের যাত্রা আরও বেগবান হবে। তিনি জিয়াউর রহমানের মতো উন্নয়নমূলক উদ্যোগ, বিশেষ করে খাল খননের কথা উল্লেখ করে উপস্থিত জনতার সঙ্গে স্লোগান দেন—“করব কাজ, গড়ব দেশ—সবার আগে বাংলাদেশ।”

বক্তব্যের শেষাংশে তিনি বলেন, আগামী দিনে বিএনপি সরকার গঠন করলে ইনশাআল্লাহ নবী করিম (সা.)-এর ন্যায়পরায়ণতার ভিত্তিতেই দেশ পরিচালনা করা হবে।
নির্বাচনের আগে সিলেটের জনসভা থেকে ন্যায়ভিত্তিক শাসন, গণতন্ত্র ও উন্নয়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে ধানের শীষে ভোট চেয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।