দেশের মানুষ সুশাসন চায়, দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ হওয়া দরকার: আমির হামজা


কাকরাইলে ইবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিলে বক্তব্য দিচ্ছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
দেশের মানুষ দুর্নীতি, চাঁদাবাজি ও ভয়মুক্ত একটি সুশাসিত রাষ্ট্র দেখতে চায় বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল ও নবনির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মুফতি আমির হামজা বলেন, দেশের সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে দুর্নীতি, চাঁদাবাজি ও অনিরাপত্তার পরিবেশ থেকে মুক্তি চায়। তাদের প্রত্যাশা একটি ন্যায়ভিত্তিক ও সুশাসিত রাষ্ট্রব্যবস্থা। তিনি বলেন, “মানুষ এমন একটি রাষ্ট্র দেখতে চায় যেখানে আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য হবে এবং কেউ অন্যায়ের আশ্রয় নিতে পারবে না।”
ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. রুহুল আমিন এবং নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য মাসুম মোস্তফা। অনুষ্ঠানে ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতারা ফুল দিয়ে নবনির্বাচিত এই সংসদ সদস্যদের বরণ করে নেন। উল্লেখ্য, তারা সবাই বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করে বিজয়ী হয়েছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি এবং ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জিল্লুর রহমান পাটোয়ারী। প্রধান অতিথি হিসেবে সাবেক অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হাসানের উপস্থিত থাকার কথা থাকলেও অসুস্থতার কারণে তিনি অনুষ্ঠানে যোগ দিতে পারেননি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামদর্দ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মনজারুল আলম মিলন। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবদুল হাই, প্রফেসর ড. নাসির উদ্দিন মিঝি, প্রফেসর ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান, পাবনা এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়াল, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. মুহসিনা আক্তার জবা এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. আফরোজা বুলবুলসহ অন্যরা।
পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। ইফতারের আগে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের শিল্পীরা হামদ-এ-বারি তায়ালা, মাহে রমজান উপলক্ষে গান ও ইসলামী সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান।










