জনগণের ঐক্যেই সব ষড়যন্ত্র ব্যর্থ হবে: নাহিদ ইসলাম


লক্ষ্মীপুরের রামগঞ্জে ১১ দলীয় জোটের পদযাত্রায় বক্তব্য দিচ্ছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম বলেছেন, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সব ধরনের ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। তিনি বলেন, জনগণের ভোটাধিকার রক্ষায় নেতাকর্মীরা মাঠে থাকবে এবং কোনো বাধা বরদাশত করা হবে না।
সোমবার (২৬ জানুয়ারি) রাতে লক্ষ্মীপুরের রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ১১ দলীয় জোটের পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে দলীয় অবস্থান তুলে ধরেন নাহিদ ইসলাম।
নাহিদ ইসলাম বলেন, একটি রাজনৈতিক দল অন্য সব দলকে বিলুপ্ত করে নিজেদের ভেতরে টেনে নিয়েছে। সেই দলের শীর্ষ নেতৃত্ব তাদের প্রথম জনসভা থেকেই সমালোচনার রাজনীতি শুরু করেছে, যা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী। তিনি বলেন, এ ধরনের রাজনীতি জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে।
আসন্ন ভোট প্রসঙ্গে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন পর্যন্ত সবাইকে সতর্ক থাকতে হবে। ভোটকেন্দ্র পাহারা দেওয়া হবে, যাতে সাধারণ মানুষ, বিশেষ করে নারী ভোটাররা নির্ভয়ে ও উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারেন। যারা ভোটপ্রক্রিয়ায় বাধা সৃষ্টি বা ষড়যন্ত্রের চেষ্টা করবে, তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
১১ দলীয় জোটের ঐক্য প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ১০ দল থেকে ১১ দলে পৌঁছানোই প্রমাণ করে রাজনৈতিক ঐক্যের পরিধি ক্রমেই বাড়ছে। তিনি বলেন, এই ঐক্য অব্যাহত থাকলে আরও রাজনৈতিক শক্তি এতে যুক্ত হবে এবং একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে। ঐক্যের দরজা সবার জন্য খোলা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, সংস্কার, সুশাসন ও সার্বভৌমত্ব নিশ্চিত করার লক্ষ্যেই ১১ দলীয় জোট একত্রিত হয়েছে। দেশের সংকটময় সময়ে দেশপ্রেমিক ও ইসলামপ্রেমিক শক্তির এই ঐক্য নতুন বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক ও লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের প্রার্থী মাহবুব আলম, রামগঞ্জ উপজেলা জামায়াতের আমীর নাজমুল হাসান পাটওয়ারী এবং রামগঞ্জ পৌর জামায়াতের আমীর হাসান আল বান্নাহ। নেতারা সবাই আসন্ন নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।








