Something went wrong
মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগে

চাঁদপুরে আ.লীগ নেতাসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগে শিক্ষকের মামলা

রাজনীতি ডেস্ক
রাজনীতি ডেস্ক
৩ সেপ্টেম্বর, ২০২৫ এ ৪:৩৯ এএম
সুজিত রায় নন্দী। ছবি:সংগৃহীত

সুজিত রায় নন্দী। ছবি:সংগৃহীত

চাঁদপুরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীসহ ছয়জনের বিরুদ্ধে মিথ্যা মামলা, হয়রানি, চাঁদাবাজি, চাকরিতে প্রতিবন্ধকতা ও মারধরের অভিযোগে এক কলেজ শিক্ষক আদালতে মামলা করেছেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে ফরক্কাবাদ ডিগ্রি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মো. জাহাঙ্গীর হোসাইন চাঁদপুর সদর আমলী আদালতে মামলাটি দায়ের করেন। আদালতের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুনতাসির আহমেদ অভিযোগটি আমলে নিয়ে তদন্তের দায়িত্ব দেন পুলিশের সিআইডিকে।

মামলার আসামিরা হলেন আওয়ামী লীগ নেতা সুজিত রায় নন্দী, ফরক্কাবাদ ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ দিলীপ চন্দ্র দাস, বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হান্নান মিজি, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মো. সেলিম পাটওয়ারী, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ড. মীজানুর রহমান এবং ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান।

বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ বাবর বেপারী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। মামলার এজাহারে প্রভাষক জাহাঙ্গীর হোসাইন উল্লেখ করেন, ভিন্ন রাজনৈতিক মতের কারণে তাকে ভয়ভীতি দেখিয়ে কলেজ ছাড়তে বাধ্য করার চেষ্টা করা হয়। এ ছাড়া তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে হয়রানি করা হয়। সেই মামলায় কারাবরণ করলেও পরবর্তীতে তিনি খালাস পান।

তিনি আরও অভিযোগ করেন, মামলা দেখিয়ে তাকে চাকরি থেকে বরখাস্তের জন্য নানা প্রভাব খাটানো হয়। চাকরি রক্ষায় হাইকোর্টে রিট করলে আদালত জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী বেতন-ভাতা দেওয়ার নির্দেশ দেন। কিন্তু আসামিরা ক্ষমতার প্রভাব খাটিয়ে তাকে সেই সুবিধা থেকে বঞ্চিত করে আসছেন।

শিক্ষক জাহাঙ্গীর হোসাইন বলেন, “২০১৬ সালে কলেজে যোগদানের পর থেকেই তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে। এতে আমি সামাজিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। শেষ পর্যন্ত আইনের আশ্রয় নিয়েছি।”

Advertisement
Advertisement