কুৎসা রটিয়ে জনগণের ভোট পাওয়া যাবে না: মির্জা ফখরুল

রাজনীতি ডেস্ক
রাজনীতি ডেস্ক
২২ জানুয়ারী, ২০২৬ এ ৯:০৫ এএম
সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির নির্বাচনি জনসভায় বক্তব্য দিচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির নির্বাচনি জনসভায় বক্তব্য দিচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি দল পরিকল্পিতভাবে কুৎসা রটাচ্ছে। এরা মানুষের ভোট পাবে না। এরা স্বাধীনতাবিরোধী শক্তি। বৃহস্পতিবার সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির প্রথম নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করেনি, তারা কখনোই জনগণের আস্থা অর্জন করতে পারে না। এখন তারা নতুন করে বলতে শুরু করেছে বাংলাদেশকে তারা তৈরি করবে। জনগণকে বিভ্রান্ত করার এই অপচেষ্টা থেকে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, বিএনপির সামনে এখন বড় লড়াই। এই লড়াইয়ে আমাদের জয়ী হতে হবে। তারেক রহমানের নেতৃত্বে সামনে এগিয়ে যেতে হবে। তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ও সুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে।

বিএনপির মহাসচিব বলেন, বিএনপি একটি উদারপন্থি গণতান্ত্রিক দল। আমরা কখনো পেছনের দিকে তাকাই না, মাথা নত করি না। দীর্ঘ ১৫ বছর ধরে গণতন্ত্রের জন্য মানুষ প্রাণ দিয়েছে, গুম হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে—তবুও তারা মাথা নত করেনি।

তিনি আরও বলেন, “তারেক রহমানের আজকের যাত্রা নতুন বাংলাদেশের যাত্রা।” যারা বিভ্রান্তি ছড়াতে চায়, তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার থেকেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়। যে আলিয়া মাদ্রাসা মাঠে একাধিকবার সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া নির্বাচনি জনসভা করেছিলেন, সেই ঐতিহাসিক মাঠ থেকেই এবার ভাষণ দেন তারেক রহমান।

নির্বাচনের প্রচারণার শুরুতেই সিলেটের জনসভা থেকে স্বাধীনতাবিরোধী ও বিভ্রান্তিমূলক রাজনীতির বিরুদ্ধে সতর্কবার্তা দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।