কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য কলঙ্কজনক: তারেক রহমান

রাজনীতি ডেস্ক
রাজনীতি ডেস্ক
২ ফেব্রুয়ারী, ২০২৬ এ ৯:১৫ এএম
খুলনার প্রভাতী স্কুল মাঠে বিএনপির নির্বাচনি জনসভায় বক্তব্য দিচ্ছেন তারেক রহমান। ছবি: সংগৃহীত

খুলনার প্রভাতী স্কুল মাঠে বিএনপির নির্বাচনি জনসভায় বক্তব্য দিচ্ছেন তারেক রহমান। ছবি: সংগৃহীত

কর্মজীবী নারীদের নিয়ে একটি রাজনৈতিক দলের নেতার মন্তব্যকে কলঙ্কজনক ও লজ্জাজনক আখ্যা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠীকে এভাবে অপমান করা শুধু রাজনৈতিক অশালীনতা নয়, বরং জাতির জন্যও একটি উদ্বেগজনক বার্তা।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা নগরের প্রভাতী স্কুল মাঠে আয়োজিত বিএনপির নির্বাচনি জনসভায় এ মন্তব্য করেন তারেক রহমান। জনসভায় তিনি নারীদের সম্মান ও অধিকার প্রশ্নে কঠোর অবস্থানের কথা তুলে ধরেন।

কারও নাম উল্লেখ না করে তারেক রহমান বলেন, সম্প্রতি একটি রাজনৈতিক দলের নেতা প্রকাশ্যে এমন শব্দ ব্যবহার করেছেন, যা কর্মসংস্থানের জন্য বাইরে যাওয়া মা-বোনদের জন্য চরম অপমানজনক। তিনি বলেন, “আপনাদের সামনে কথাটি বলতে আমারও লজ্জা হচ্ছে। এ ধরনের মন্তব্য এ দেশের সংস্কৃতি ও মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক।”

তিনি আরও বলেন, নির্বাচনের আগে যে দল দেশের অর্ধেক জনগোষ্ঠীকে অসম্মান করে কথা বলতে পারে, তারা ক্ষমতায় গেলে কী ধরনের আচরণ করতে পারে—সে প্রশ্ন আজ সাধারণ মানুষের সামনে স্পষ্ট হয়ে উঠেছে। তারেক রহমানের মতে, এ ধরনের মানসিকতা গণতন্ত্র ও মানবাধিকারের জন্য হুমকিস্বরূপ।

জনসভায় কর্মজীবী নারীদের উদ্দেশে তিনি বলেন, যারা আপনাদের অপমান করে কথা বলছে, তাদের জবাব দেওয়ার সময় এসেছে। নারীদের সম্মান রক্ষায় সচেতন ও ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।

তারেক রহমান অভিযোগ করেন, সংশ্লিষ্ট রাজনৈতিক দলটি নিজেদের স্বার্থে ধর্মকে ব্যবহার করে থাকে। যেখানে প্রয়োজন, সেখানে ধর্মকে সামনে এনে নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা করে বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, আগামী নির্বাচন শুধু ক্ষমতার প্রশ্ন নয়, এটি দেশের গণতন্ত্র, মানবিকতা ও নারী সম্মানের প্রশ্ন। তিনি দাবি করেন, জনগণের ভোটেই এমন অপমানজনক রাজনীতির জবাব দেওয়া সম্ভব।