মুখোশ উন্মোচন করা হবে

এক্স হ্যাকের ঘটনায় অভিযুক্তরা চিহ্নিত: জামায়াত আমির

রাজনীতি ডেস্ক
রাজনীতি ডেস্ক
২ ফেব্রুয়ারী, ২০২৬ এ ৩:৪২ এএম
জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) নিজের অ্যাকাউন্ট হ্যাক করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আপত্তিকর পোস্ট দেওয়ার ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, যারা এই অপকর্ম করেছে, জাতির সামনে তাদের মুখোশ উন্মোচন করা হবে। রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ঢাকা-১৫ আসনে এক পথসভায় এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, সামাজিক মাধ্যমে বিভ্রান্তি ছড়াতে একটি মহল পরিকল্পিতভাবে তার এক্স অ্যাকাউন্ট হ্যাক করে নোংরা ও অবমাননাকর পোস্ট দিয়েছে। তিনি দাবি করেন, এর পেছনে যারা রয়েছে, তাদের পরিচয় ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে এবং উপযুক্ত সময়েই বিষয়টি জনসমক্ষে আনা হবে।

পথসভায় জামায়াত আমির বলেন, জামায়াতে ইসলামী তরুণদের স্বপ্নের বাংলাদেশ গড়তে চায়। সেখানে নেতৃত্বে থাকবে তরুণ সমাজ, আর অভিজ্ঞরা পেছন থেকে দিকনির্দেশনা ও সাহস জোগাবেন। তিনি বলেন, “সমতার রাষ্ট্র গড়া হবে। কোনো অপরাধী ছাড় পাবে না। নারীদের প্রতি কোনো ধরনের অবমাননা বা হয়রানি বরদাশত করা হবে না। চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স।”

তিনি আরও বলেন, একটি দল নানা প্রলোভন দেখিয়ে জনগণের মনোযোগ সরানোর চেষ্টা করছে। তাদের হাতে দেশ নিরাপদ নয় বলেও মন্তব্য করেন তিনি। ডা. শফিকুর রহমান বলেন, পরাজয় নিশ্চিত জেনে একটি রাজনৈতিক দলের আচরণে অস্থিরতা দেখা দিয়েছে। তিনি ইঙ্গিত দেন, আসন্ন নির্বাচনে জনগণ ন্যায় ও ইনসাফের পক্ষেই রায় দেবে।

এর আগে একই দিন দুপুরে জামালপুরের সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসভায় জামায়াত আমির বলেন, এই নির্বাচন গত ৫৪ বছরে গড়ে ওঠা ফ্যাসিবাদী ও পুরোনো রাজনৈতিক সংস্কৃতির অবসান ঘটাবে। তার ভাষায়, “এই ভোটই বস্তা-পচা রাজনীতির কবর রচনা করবে।”

উল্লেখ্য, শনিবার বিকেলে ডা. শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল থেকে নারীদের নিয়ে একটি আপত্তিকর পোস্ট দেওয়া হয়, যা অল্প সময়ের মধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। পরে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, অ্যাকাউন্টটি হ্যাকড হয়েছিল এবং পোস্টটি দলের বা আমিরের বক্তব্য নয়।

জামায়াত নেতারা বলছেন, এ ঘটনায় আইনি ও সাংগঠনিকভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। পরিস্থিতি পর্যালোচনা করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।