আ.লীগ নেতার গোডাউন থেকে টিসিবির ১,৪৪৪ লিটার তেল উদ্ধার


জামালপুরে যৌথ অভিযানে উদ্ধার করা টিসিবির ভোজ্য তেলের বোতল। ছবি: সংগৃহীত
জামালপুর পৌর শহরের বাগেরহাটা বটতলা এলাকায় এক আওয়ামী লীগ নেতার সঙ্গে সংশ্লিষ্ট গোডাউন থেকে ১ হাজার ৪৪৪ লিটার টিসিবির ভোজ্য তেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার (১ মার্চ) বিকেলে র্যাব ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর-এর যৌথ অভিযানে এসব তেল জব্দ করা হয়। অভিযানের সময় দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাটা বটতলার নূর রাইস মিলের একটি পরিত্যক্ত গোডাউনে অভিযান চালানো হয়। সেখানে ইট দিয়ে পুঁতে রাখা অবস্থায় টিসিবির ৭২২ বোতল ভোজ্য তেল উদ্ধার করা হয়। প্রতিটি বোতলে ছিল ২ লিটার করে তেল। উদ্ধার হওয়া মোট তেলের পরিমাণ দাঁড়ায় ১,৪৪৪ লিটার।
গোডাউনটির মালিক মৃত মনসুর মিয়া, যিনি জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। ঘটনাস্থল থেকে শাহিন ও স্বাধীনবাবু নামে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
র্যাবের কোম্পানি কমান্ডার মেজর লাবিব বলেন, “প্রতিটি বোতল থেকে টিসিবির মোড়ক তুলে ফেলার চেষ্টা করা হয়েছে। বোতলের মুখের প্লাস্টিকও সরানো হয়েছে। তবে কিছু বোতলে এখনও মোড়কের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আরও অনেক বোতল তেল আগেই বিক্রি করা হয়েছে।” তিনি আরও জানান, বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সরকারি ভর্তুকিপ্রাপ্ত টিসিবির পণ্য অবৈধভাবে মজুত ও বিক্রির অভিযোগে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, নিম্নআয়ের মানুষের জন্য বরাদ্দকৃত পণ্য এভাবে গোপনে মজুত করা গুরুতর অপরাধ। তদন্ত শেষে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।










