৩ সিটি দিয়ে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন

জাতীয় ডেস্ক
জাতীয় ডেস্ক
১৯ ফেব্রুয়ারী, ২০২৬ এ ৭:৫২ এএম
নির্বাচন কমিশন। ছবি সংগৃহীত

নির্বাচন কমিশন। ছবি সংগৃহীত

নির্বাচন কমিশন (ইসি) ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে চলতি স্থানীয় সরকার নির্বাচন কার্যক্রম শুরু করতে যাচ্ছে। স্থানীয় সরকার বিভাগ ইতিমধ্যেই এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠিয়েছে।

ইসি সূত্র জানায়, এই তিন সিটি করপোরেশন নির্বাচনের পর পর্যায়ক্রমে বাকি নয়টি সিটি করপোরেশন এবং জেলা পরিষদ, পৌরসভা ও উপজেলা পরিষদ নির্বাচন আয়োজন করা হবে।

২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর মেয়র, চেয়ারম্যান ও কাউন্সিলরদের পদত্যাগের কারণে অন্তর্বর্তী সরকার ১২টি সিটি করপোরেশন, ৩৩০ পৌরসভা, ৪৯৭ উপজেলা পরিষদ এবং ৬৪টি জেলা পরিষদের জনপ্রতিনিধি অপসারণ করে। বর্তমানে ইউনিয়ন পরিষদ ছাড়া সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠান প্রশাসকের মাধ্যমে পরিচালিত হচ্ছে। তবে আদালতের আদেশে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন শাহাদাত হোসেন।

ইসি সূত্র আরও জানায়, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরপরই ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের প্রস্তুতি শুরু করার জন্য কমিশনকে চিঠি দেওয়া হয়েছিল। তবে রাজনৈতিক দলের আপত্তির কারণে সংসদের অনুমতি ছাড়া নির্বাচন আয়োজন কার্যকর হয়নি।

আইন অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার ১৮০ দিনের মধ্যে সিটি করপোরেশন নির্বাচনের আয়োজন বাধ্যতামূলক। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রথম সভা হয়েছিল ২০২০ সালের ২ জুন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রথম সভা হয়েছিল ২০২০ সালের ৩ জুন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রথম সভা হয়েছিল ২০২১ সালের ২৩ ফেব্রুয়ারি। এই তিন সিটিতে নির্বাচনের প্রস্তুতি সবচেয়ে জরুরি বলে মনে করছে ইসি।

ইসি সূত্র জানিয়েছে, চিঠি পাওয়ার পর ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ, প্রার্থী যাচাই-বাছাই এবং নির্বাচনি কর্মকর্তা নিয়োগসহ সকল প্রস্তুতি গ্রহণ করা হবে। বিশেষ করে চট্টগ্রাম সিটির জন্য আলাদা জরুরি পরিকল্পনা নেওয়া হতে পারে।

ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন, “আমাদের মূল দায়িত্ব নির্বাচন আয়োজন। সরকারের নির্দেশনা পাওয়ার সঙ্গে সঙ্গেই সিটি করপোরেশনসহ সকল স্থানীয় সরকারের নির্বাচন আয়োজন করা হবে।” নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানান, ঈদের পর স্থানীয় সরকার নির্বাচনগুলো ধারাবাহিকভাবে সম্পন্ন হবে।