২৫ মার্চ সারা দেশে প্রতীকী ব্ল্যাকআউট পালন করা হবে


ব্ল্যাকআউট। পুরোনো ছবি
আসন্ন ২৫ মার্চ রাতে সারা দেশে এক মিনিটের প্রতীকী ব্ল্যাকআউট পালন করা হবে। আজ সোমবার সরকারি এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ মার্চ রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত (১ মিনিট) দেশব্যাপী এ কর্মসূচি পালন করা হবে।
তবে গুরুত্বপূর্ণ স্থাপনা, জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং বাংলাদেশে অবস্থিত বিদেশি মিশনগুলো এই ব্ল্যাকআউটের আওতার বাইরে থাকবে।
ঐতিহাসিক ২৫ মার্চ গণহত্যা স্মরণে আগামী ২৫ মার্চ সারা দেশে প্রতীকী ব্ল্যাকআউট কর্মসূচি পালন করা হবে।
নির্ধারিত সময় অনুযায়ী, রাতের নির্দিষ্ট সময়ে কিছুক্ষণের জন্য বাসাবাড়ি ও গুরুত্বপূর্ণ স্থাপনায় স্বেচ্ছায় আলো নিভিয়ে এই কর্মসূচি পালন করা হবে। এর মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো এবং নতুন প্রজন্মকে ইতিহাস সম্পর্কে সচেতন করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
প্রতিবছরের মতো এবারও সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষ এই কর্মসূচিতে অংশ নেবে বলে জানা গেছে।
উল্লেখ্য, ১৯৭১ সালের এই রাতে পাকিস্তানি বাহিনী নিরস্ত্র বাঙালিদের ওপর নির্মম হত্যাযজ্ঞ চালায়, যা ইতিহাসে ‘কালরাত্রি’ নামে পরিচিত। এই দিবসটি জাতীয়ভাবে গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়।










