শেষ হলো নির্বাচনি প্রচারণা, ১২ ফেব্রুয়ারি ভোট


ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের নির্বাচনি প্রচারণা আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় প্রচারণার নির্ধারিত সময় শেষ হয়। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে, যেখানে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামীর সরকার নির্ধারণ করবেন।
প্রচারণার শেষ পর্যায়ে প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকেরা ব্যস্ত সময় পার করেন। দেশের বিভিন্ন স্থানে মধ্যরাত পর্যন্ত গণসংযোগ চালানো হয়। অনেক প্রার্থী নিজ নিজ নির্বাচনি এলাকায় ঘুরে ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং স্থানীয় সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে ভোট প্রার্থনা করেন। শেষ মুহূর্তের প্রতিটি সময়কে গুরুত্ব দিয়ে কেউ কেউ ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই প্রচারণায় নেমে পড়েন।
প্রার্থীরা জানান, নির্বাচনের শেষ সময়ে প্রতিটি মিনিটই গুরুত্বপূর্ণ। তাই প্রচারণার শেষ সময় পর্যন্ত ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা চালানো হয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে বিজয়ের আশা প্রকাশ করেন প্রায় সব প্রার্থীই।
এদিকে প্রচারণার সময় বিভিন্ন এলাকায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধে অনিয়ম ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও ওঠে। তবে ভোটারদের প্রত্যাশা—ভোটগ্রহণের দিন যেন শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে এবং তারা নির্বিঘ্নে ভোট দিতে পারেন।
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় সূত্রে জানা গেছে, দেশের ৪৯টি জেলায় ইতোমধ্যে রিটার্নিং কর্মকর্তাদের কাছে ব্যালট পেপার পাঠানো হয়েছে। বাকি জেলাগুলোতেও নির্ধারিত সময়ের মধ্যেই ব্যালট পেপার পৌঁছে গেছে। ভোটগ্রহণের প্রস্তুতি প্রায় সম্পন্ন বলে জানিয়েছে ইসি।
এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫৪ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২২০ জন। ৩০০টি সংসদীয় আসনের মধ্যে সবচেয়ে কম ভোটার রয়েছে ঝালকাঠি-১ আসনে, সংখ্যা ২ লাখ ২৮ হাজার ৪৩১ জন। আর সবচেয়ে বেশি ভোটার রয়েছে গাজীপুর-২ আসনে, ৮ লাখ ৪ হাজার ৩৩৩ জন।
নির্বাচনে এবার অংশ নিচ্ছে মোট ৫১টি রাজনৈতিক দল। মোট প্রার্থীর সংখ্যা ২ হাজার ৩৪ জন, যার মধ্যে ২৭৫ জন স্বতন্ত্র প্রার্থী। রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বিএনপি—২৯১ জন। প্রচারণা শেষ হওয়ায় এখন পুরো দেশ তাকিয়ে আছে ভোটের দিনের দিকে।








