Something went wrong

শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ৩৯ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আজকের প্রথা প্রতিবেদন
আজকের প্রথা প্রতিবেদন
১৭ সেপ্টেম্বর, ২০২৫ এ ১১:০৭ এএম
শেখ হাসিনাসহ ৩৯ জনের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা। ছবি:সংগৃহীত

শেখ হাসিনাসহ ৩৯ জনের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা। ছবি:সংগৃহীত

জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর ভাটারায় মো. জাহাঙ্গীর নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৯ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

বুধবার (১৭ সেপ্টেম্বর) আদালত পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আসামিরা বিদেশে পালিয়ে যাওয়ার সম্ভাবনা থাকায় মামলার তদন্তকারী কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক নাজমুল আমিন আদালতে দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন। এর প্রেক্ষিতে গত ২ জুলাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত আবেদনটি মঞ্জুর করেন।

দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশপ্রাপ্ত উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন—আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলাম, সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন, কেএম নুরুল হুদা ও হাবিবুল আউয়াল। এছাড়া আওয়ামী মহিলা লীগের সদস্য নুজহাত সারওয়াত তমা, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন নেতাকর্মীও এ মামলার আসামির তালিকায় রয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ২১ জুলাই ভাটারা এলাকায় ভিকটিম জাহাঙ্গীর আন্দোলনে অংশ নেন। অভিযোগ অনুযায়ী, শেখ হাসিনার নির্দেশে আসামিরা দাঙ্গা সৃষ্টি করে এবং তাদের সহযোগিতায় অন্যরা অস্ত্র, গোলাবারুদ ও লাঠিসোটা নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। আন্দোলন দমন করতে একাধিক ককটেল বিস্ফোরণও ঘটানো হয়।

হামলার সময় গুরুতর আহত জাহাঙ্গীরকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ২০২৪ সালের ২৪ ফেব্রুয়ারি ভাটারা থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

Advertisement
Advertisement