যুক্তরাষ্ট্র থেকে আরও ৫৮ হাজার টন গম এলো চট্টগ্রাম বন্দরে


চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে নোঙর করা যুক্তরাষ্ট্র থেকে আসা গমবাহী জাহাজ এমভি ডব্লিউএফ আর্টেমিস। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী নগদ ক্রয় চুক্তির আওতায় আরও ৫৮ হাজার ৩৫৯ মেট্রিক টন গম দেশে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা এই গম বহনকারী জাহাজ এমভি ডব্লিউএফ আর্টেমিস চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে নোঙর করেছে।
খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সরকার-টু-সরকার (জি-টু-জি) ভিত্তিতে স্বাক্ষরিত জি-টু-জি-০২ নম্বর চুক্তির আওতায় এই গম আমদানি করা হচ্ছে। এটি ওই চুক্তির অধীনে তৃতীয় চালান। এর আগে প্রথম ও দ্বিতীয় চালানে মোট ১ লাখ ১৪ হাজার ৯৩ মেট্রিক টন গম ইতোমধ্যে দেশে এসেছে।
চলমান চুক্তি অনুযায়ী জি-টু-জি-০২ এর আওতায় যুক্তরাষ্ট্র থেকে মোট ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গম আমদানি করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। খাদ্য নিরাপত্তা জোরদার এবং সরকারি মজুদ স্থিতিশীল রাখতেই এই আমদানি কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এর আগে জি-টু-জি-০১ নম্বর চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে আরও ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গম আমদানি সম্পন্ন করেছে বাংলাদেশ সরকার। ধারাবাহিকভাবে এসব চালান দেশে আসায় সরকারি খাদ্য মজুদ সন্তোষজনক পর্যায়ে রয়েছে বলে মনে করছেন কর্মকর্তারা।
চট্টগ্রাম বন্দরে পৌঁছানো জাহাজে থাকা গমের নমুনা সংগ্রহ ও পরীক্ষার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। মান পরীক্ষার ফলাফল সন্তোষজনক হলে দ্রুত গম খালাস করে সরকারি গুদামে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সরকারি পর্যায়ে গম আমদানির এই উদ্যোগ অভ্যন্তরীণ বাজারে সরবরাহ স্বাভাবিক রাখা এবং মূল্য স্থিতিশীল রাখতে সহায়ক হবে বলে সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেছে।









