Something went wrong

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যায় গ্রেপ্তার, ২ আসামির রিমান্ড মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১১ জুলাই, ২০২৫ এ ৫:৪৩ পিএম
মাহমুদুল হাসান মহিন ও তারেক রহমান রবিন। সংগৃহীত ছবি

মাহমুদুল হাসান মহিন ও তারেক রহমান রবিন। সংগৃহীত ছবি

রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যা মামলায় গ্রেপ্তার মাহমুদুল হাসান মহিনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই ঘটনায় করা অস্ত্র মামলায় গ্রেপ্তার তারেক রহমান রবিনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

শুক্রবার (১১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন আদালতের কোতোয়ালি থানা প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক তানভীর মোর্শেদ চৌধুরী।

আদালত সূত্রে জানা যায়, হত্যা মামলায় কোতোয়ালি থানার উপপরিদর্শক নাসির উদ্দিন আসামি মাহমুদুল হাসান মহিনের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আর অস্ত্র মামলায় উপপরিদর্শক মো. মনির আসামি তারেক রহমান রবিনের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।

তবে আসামিদের পক্ষে আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত মাহমুদুল হাসান মহিনের ৫ দিন এবং তারেক রহমান রবিনের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ঘটনার পটভূমি
মামলার এজাহার অনুযায়ী, গত বুধবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে পাকা রাস্তার ওপর লাল চাঁদ ওরফে সোহাগকে পাথর দিয়ে মাথায় আঘাত করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে একদল দুর্বৃত্ত।

ঘটনার পর নিহতের বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ অস্ত্র আইনে আরেকটি মামলা করে।

 

আজকের প্রথা/এআর

Advertisement
Advertisement