বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা - স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী


ঢাকার বায়ুমান ২৯৪ একিউআই স্কোর, “খুব অস্বাস্থ্যকর” পর্যায়ে। ছবি সংগৃহীত
বিশ্বের শহরগুলোতে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। সেই তালিকায় দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকা ও বায়ুদূষণের কবলে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার জানিয়েছে, ২৯৪ একিউআই স্কোর নিয়ে রাজধানী ঢাকা বিশ্বের দূষিত শহরের শীর্ষে অবস্থান করছে। এই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।
একই সময়ে ২৪৪ স্কোর নিয়ে ভারতের দিল্লি দ্বিতীয় স্থানে রয়েছে। তৃতীয় স্থানে পাকিস্তানের লাহোর শহর ২২৪ স্কোর নিয়ে অবস্থান করছে। করাচি ১৮০ স্কোর এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাই ১৭৩ স্কোর নিয়ে যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে।
একিউআই স্কোরের মান অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোরকে ভালো, ৫১ থেকে ১০০ স্কোরকে মাঝারি, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ ‘খুব অস্বাস্থ্যকর’, আর ৩০১–৪০০ স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়।
আইকিউএয়ারের তথ্যানুযায়ী, রাজধানীর বায়ুদূষণের এই উচ্চমান নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। বিশেষ করে শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্ট বা হৃদরোগে আক্রান্তদের জন্য এই পরিস্থিতি আরও বিপজ্জনক।
বিশেষজ্ঞরা বলেন, রাজধানীর বায়ুদূষণ নিয়ন্ত্রণে পরিকল্পিত নগরায়ন, যানজট কমানো, গাছপালা রোপণ এবং শিল্পনগরীর বায়ু মান নিয়ন্ত্রণ জরুরি। নাগরিকদের জন্য মাস্ক ব্যবহার এবং বাইরে কম সময় কাটানোও জরুরি সতর্কতা হিসেবে বিবেচিত।
সচেতন নাগরিকদের জন্য আইকিউএ স্কোর নিয়মিত পর্যবেক্ষণ এবং দূষিত এলাকায় দীর্ঘ সময় থাকা এড়িয়ে চলা স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ।








