Something went wrong

বাংলাদেশ থেকে কূটনীতিক পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে নয়াদিল্লি

জাতীয় ডেস্ক
জাতীয় ডেস্ক
২১ জানুয়ারী, ২০২৬ এ ৩:৩৪ এএম
নির্বাচনের আগে সতর্ক পদক্ষেপ, বাংলাদেশ ছাড়ছেন ভারতীয় কূটনীতিক পরিবারের সদস্যরা । ছবি: সংগৃহীত

নির্বাচনের আগে সতর্ক পদক্ষেপ, বাংলাদেশ ছাড়ছেন ভারতীয় কূটনীতিক পরিবারের সদস্যরা । ছবি: সংগৃহীত

নিরাপত্তাজনিত ঝুঁকির কথা বিবেচনা করে বাংলাদেশে কর্মরত নিজেদের কূটনৈতিক কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মীদের পরিবারের সদস্যদের প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। দেশটির কেন্দ্রীয় সরকার পর্যায়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) এক প্রতিবেদনে বার্তাসংস্থা পিটিআই জানায়, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ নিচ্ছে নয়াদিল্লি।

বাংলাদেশে ভারতের প্রধান কূটনৈতিক মিশন ঢাকায় অবস্থিত। পাশাপাশি খুলনা, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেটে রয়েছে ভারতের সহকারী হাইকমিশন। এসব সবকটি মিশনে কর্মরত কূটনীতিক ও কর্মকর্তাদের পরিবারের সদস্যদের পর্যায়ক্রমে ভারতে ফিরিয়ে নেওয়া হচ্ছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন ও সহকারী হাইকমিশনগুলোর কার্যক্রম স্বাভাবিকভাবে চালু থাকবে। কনস্যুলার সেবা ও দাপ্তরিক কাজকর্মেও কোনো ধরনের ব্যাঘাত ঘটবে না।

তবে তারা জানান, বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি ও সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে শুধু পরিবারের সদস্যদের প্রত্যাহার করা হচ্ছে, এটি কোনো কূটনৈতিক সম্পর্কের পরিবর্তনের ইঙ্গিত নয়।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনের কয়েক সপ্তাহ আগে ভারতের এই সিদ্ধান্ত কূটনৈতিক অঙ্গনে নানা আলোচনা তৈরি করেছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, নির্বাচনকে ঘিরে সম্ভাব্য ঝুঁকি এড়াতেই ভারত আগাম সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে। তবে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক রয়েছে এবং দ্বিপক্ষীয় যোগাযোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

Advertisement
Advertisement