ফ্যামিলি কার্ডের টাকা যেভাবে পাবে গ্রহকরা

জাতীয় ডেস্ক
জাতীয় ডেস্ক
২৫ ফেব্রুয়ারী, ২০২৬ এ ৫:২৪ এএম
ফ্যামিলি কার্ডের অর্থ সরাসরি নারীর ব্যাংক অ্যাকাউন্ট বা মোবাইল ওয়ালেটে জমা হবে।

ফ্যামিলি কার্ডের অর্থ সরাসরি নারীর ব্যাংক অ্যাকাউন্ট বা মোবাইল ওয়ালেটে জমা হবে।

সরকার আগামী ১০ মার্চ থেকে প্রাথমিকভাবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করতে যাচ্ছে। বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতির অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে দেশের ১৪টি উপজেলায় একটি করে ইউনিয়নে কার্ড বিতরণ করা হবে। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক শেষে সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। সরকারি কোষাগার থেকে ভাতার অর্থ সরাসরি সুবিধাভোগীর মোবাইল ওয়ালেট বা ব্যাংক হিসাবে পাঠানো হবে।

মন্ত্রী জানান, নারীর ক্ষমতায়নকে অগ্রাধিকার দিয়ে এই কার্ড পরিবারের ‘মা’ বা নারী প্রধান সদস্যের নামে ইস্যু করা হবে। এর ফলে ভাতা সরাসরি নারীর হাতে পৌঁছাবে এবং পরিবারের আর্থিক সিদ্ধান্তে তাদের ভূমিকা আরও শক্তিশালী হবে।

সরকারি নির্দেশনা অনুযায়ী, ভাতার অর্থ ডিজিটাল পদ্ধতিতে স্থানান্তর করা হবে। সুবিধাভোগী নারীর নিবন্ধিত মোবাইল ওয়ালেট বা ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অর্থ জমা হবে। এতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সহজ হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বিদ্যমান টিসিবি কার্ডকে ধীরে ধীরে ফ্যামিলি কার্ডের ‘ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি’ হিসেবে রূপান্তর করা হবে। একই স্মার্ট কার্ড ব্যবহার করে ওটিপি যাচাইকরণের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে খাদ্য সহায়তা নেওয়া যাবে। ভবিষ্যতে শিক্ষা উপবৃত্তি ও কৃষি ভর্তুকির মতো সুবিধাও এই কার্ডের মাধ্যমে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

সরকার ২০২৮ সালের মধ্যে সামাজিক নিরাপত্তা কর্মসূচির বাজেট জিডিপির ৩ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, ধাপে ধাপে ফ্যামিলি কার্ড সম্প্রসারণের মাধ্যমে একটি সমন্বিত সামাজিক সুরক্ষা কাঠামো গড়ে তোলা হবে।