নির্বাচন সামনে রেখে বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি যুক্তরাজ্যের

জাতীয় ডেস্ক
জাতীয় ডেস্ক
২৯ জানুয়ারী, ২০২৬ এ ৮:৫৯ এএম
জাতীয় নির্বাচন সামনে রেখে বাংলাদেশ ভ্রমণে সতর্কতার বার্তা দিয়েছে যুক্তরাজ্য সরকার। ছবি: সংগৃহীত

জাতীয় নির্বাচন সামনে রেখে বাংলাদেশ ভ্রমণে সতর্কতার বার্তা দিয়েছে যুক্তরাজ্য সরকার। ছবি: সংগৃহীত

বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় নিজ দেশের নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য। রাজনৈতিক সহিংসতা ও উগ্রবাদী গোষ্ঠীর সম্ভাব্য হামলার ঝুঁকি বিবেচনায় বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এই নির্দেশনা প্রকাশ করে ব্রিটিশ ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও)।

এফসিডিও জানায়, তাদের পরামর্শ উপেক্ষা করে বাংলাদেশে ভ্রমণ করলে সংশ্লিষ্ট ব্যক্তির ভ্রমণ বীমা বাতিল হয়ে যেতে পারে। তাই ভ্রমণের আগে সতর্কভাবে পরিকল্পনা নেওয়া এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

ভ্রমণ সতর্কতায় বলা হয়েছে, অত্যাবশ্যকীয় প্রয়োজন ছাড়া বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াত এড়িয়ে চলতে হবে। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় জরুরি কাজ ছাড়া ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে যুক্তরাজ্য সরকার।

নোটিশে এসব অঞ্চলে ভ্রমণ নিরুৎসাহিত করার কারণ হিসেবে বলা হয়েছে, প্রত্যন্ত এলাকাসহ বিভিন্ন স্থানে সহিংসতা, অপরাধমূলক তৎপরতা এবং নিরাপত্তাজনিত ঘটনার নিয়মিত খবর পাওয়া যাচ্ছে, যা বিদেশি নাগরিকদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

বাংলাদেশের নির্বাচন পরিস্থিতি নিয়েও সতর্কবার্তা দিয়েছে এফসিডিও। নোটিশ অনুযায়ী, দেশে আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং গত ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে।

নির্বাচনকালীন সময়ে রাজনৈতিক সহিংসতা, বিক্ষোভ এবং উগ্রবাদী হামলার আশঙ্কা রয়েছে বলে উল্লেখ করা হয়। বিশেষ করে রাজনৈতিক সমাবেশ, ভোটকেন্দ্র ও জনসমাগমস্থল লক্ষ্য করে হামলার ঝুঁকি থাকতে পারে, যা নির্বিচার সহিংসতায় রূপ নিতে পারে বলে সতর্ক করা হয়েছে।

বর্তমান পরিস্থিতিতে যুক্তরাজ্য সরকার তাদের নাগরিকদের বাংলাদেশে অবস্থানের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং পরিস্থিতির ওপর নিয়মিত নজর রাখার পরামর্শ দিয়েছে।