নতুন পে স্কেল: সুপারিশ জমার সময় জানাল অর্থ উপদেষ্টা


আগামীকাল পে কমিশনের সুপারিশ জমা, জানালেন অর্থ উপদেষ্টা। ছবি: সংগৃহীত
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, নতুন পে স্কেল সংক্রান্ত পে কমিশনের সুপারিশ আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) বিকাল ৫টায় প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
অর্থ উপদেষ্টা বলেন, প্রতিবেদন জমা দেওয়ার সময় তিনি নিজেও উপস্থিত থাকবেন। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান কমিশনের সব সদস্যকে সঙ্গে নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রতিবেদনটি জমা দেবেন।
পে কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার আগে এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি অর্থ উপদেষ্টা। তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন,
“সরকারি চাকরিজীবীরা পে স্কেল পেয়ে খুশি হবেন—এমন সুপারিশই প্রতিবেদনে থাকবে।”
তিনি আরও জানান, প্রতিবেদনে নতুন বেতন কাঠামোর বিভিন্ন দিক তুলে ধরা হবে এবং প্রধান উপদেষ্টার কাছে সেগুলো বিস্তারিতভাবে ব্যাখ্যা করবেন পে কমিশনের প্রধান।
নতুন পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে দীর্ঘদিন ধরেই আগ্রহ ও প্রত্যাশা রয়েছে। কমিশনের সুপারিশ জমা দেওয়ার মাধ্যমে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণের পথ সুগম হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।








