এলপি গ্যাসের ভ্যাট কমাল সরকার, ভোক্তাদের স্বস্তি

জাতীয় ডেস্ক
জাতীয় ডেস্ক
১৭ ফেব্রুয়ারী, ২০২৬ এ ৩:২৩ এএম
সরকারের ভ্যাট কাঠামো পরিবর্তনের সিদ্ধান্তে এলপি গ্যাস কিনতে কমবে ভোক্তাদের অতিরিক্ত করের চাপ। ছবি: সংগৃহীত

সরকারের ভ্যাট কাঠামো পরিবর্তনের সিদ্ধান্তে এলপি গ্যাস কিনতে কমবে ভোক্তাদের অতিরিক্ত করের চাপ। ছবি: সংগৃহীত

গৃহস্থালি ও শিল্পখাতে বহুল ব্যবহৃত এলপি গ্যাসের ওপর প্রদেয় ভ্যাট কাঠামোয় পরিবর্তন এনেছে সরকার। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানায়, পৃথক দুটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে এলপিজির স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ের ৭.৫ শতাংশ ভ্যাট এবং আমদানি পর্যায়ের ২ শতাংশ আগাম কর প্রত্যাহার করে আমদানি পর্যায়ে ৭.৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে। এই সিদ্ধান্ত ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে এবং এর ফলে ভোক্তাদের ওপর মূসকভার প্রায় ২০ শতাংশ কমবে।

জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বিদ্যমান ব্যবস্থায় এলপি গ্যাসের স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ৭.৫ শতাংশ ভ্যাট এবং আমদানি পর্যায়ে ২ শতাংশ আগাম কর পরিশোধ করতে হতো। জনস্বার্থ বিবেচনায় বাজার স্থিতিশীল রাখা এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে এলপি গ্যাসের মূল্য রাখতে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আবেদন এবং জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে এই পরিবর্তন আনা হয়েছে। নতুন ব্যবস্থায় আমদানি পর্যায়ে ৭.৫ শতাংশ ভ্যাট আরোপ থাকলেও স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে আর কোনো ভ্যাট কার্যকর থাকবে না।

এর ফলে আমদানির পর স্থানীয় উৎপাদন ও বিক্রয় পর্যায়ে যে মূল্য সংযোজন হয়, তার ওপর আর ভ্যাট দিতে হবে না। কর কাঠামোর এই পুনর্বিন্যাসে সামগ্রিকভাবে এলপি গ্যাস ক্রয়ে ভোক্তাদের আর্থিক চাপ কমবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।

বর্তমানে প্রজ্ঞাপন দুটি কার্যকর হয়েছে এবং নির্ধারিত সময় পর্যন্ত তা বহাল থাকবে। বাজারে এর প্রভাব পর্যবেক্ষণ করে ভবিষ্যতে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সরকারের এই পদক্ষেপে এলপি গ্যাসের বাজারে স্থিতিশীলতা ফিরে আসবে এবং সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।