আদালতের নির্দেশ এলে ভোট পুনর্গণনা, জানালেন ইসি আনোয়ারুল ইসলাম

জাতীয় ডেস্ক
জাতীয় ডেস্ক
১৫ ফেব্রুয়ারী, ২০২৬ এ ১১:৫৩ এএম
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম; ভোট পুনর্গণনা প্রসঙ্গে আদালতের নির্দেশের কথা জানান তিনি। ছবি: সংগৃহীত

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম; ভোট পুনর্গণনা প্রসঙ্গে আদালতের নির্দেশের কথা জানান তিনি। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগণনায় কারচুপির অভিযোগের পর আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। রোববার (১৫ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। একই দিনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয়।

জোটের নেতারা দাবি করেন, অন্তত ৩২টি আসনে কারচুপির মাধ্যমে তাদের প্রার্থীদের পরাজিত দেখানো হয়েছে। এসব আসনে ভোট পুনর্গণনার আবেদনও করা হয়েছে। পাশাপাশি গেজেট প্রকাশে তড়িঘড়ি করার অভিযোগও তোলেন তারা।

এ বিষয়ে জবাবে ইসি আনোয়ারুল ইসলাম বলেন, গেজেট প্রকাশে কোনো তাড়াহুড়া করা হয়নি। আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই ফলাফল গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। ফলাফল পুনর্বিবেচনার দাবি অপ্রাসঙ্গিক বলেও মন্তব্য করেন তিনি। তবে কোনো অভিযোগকারী চাইলে আদালতের শরণাপন্ন হতে পারেন বলে জানান কমিশনার।

তিনি আরও বলেন, “আদালত যদি কোনো নির্দেশ দেন, সে ক্ষেত্রে  কমিশন আইন অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেবে।” একই সঙ্গে দাবি করেন, সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে কমিশন সফল হয়েছে এবং প্রত্যাশার চেয়েও বেশি মান রক্ষা করা সম্ভব হয়েছে।

শেরপুর-৩ আসনের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানান ইসি আনোয়ারুল। সংশ্লিষ্ট বিষয়ে কমিশন পর্যালোচনা করছে বলে তিনি উল্লেখ করেন।

গেজেট প্রকাশের পর ভোট পুনর্গণনার প্রশ্নে কমিশনের অবস্থান স্পষ্ট করে আনোয়ারুল ইসলাম বলেন, বর্তমান আইনি কাঠামোর মধ্যে থেকেই কমিশন কাজ করছে। পরবর্তী পদক্ষেপ নির্ভর করবে আদালতের নির্দেশনার ওপর।