অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা এখন কে কোথায়?


দায়িত্ব শেষে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা নিজ নিজ বাসভবন ও কর্মক্ষেত্রে ফিরছেন। ছবিঃ সংগৃহীত
নির্বাচিত সরকারের শপথের মধ্য দিয়ে অভ্যুত্থান-পরবর্তী অন্তর্বর্তী সরকারের অধ্যায় আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। ২০২৪ সালের ৮ আগস্ট গঠিত এ সরকারের নেতৃত্বে ছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। দেড় বছর পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করে। দায়িত্ব শেষ হওয়ার পর উপদেষ্টারা কে কোথায় আছেন, কখন বাসা ছাড়ছেন এবং কীভাবে নিজ নিজ পেশায় ফিরছেন—এ নিয়ে জনমনে কৌতূহল তৈরি হয়েছে।
সরকার পরিবর্তনের আগেই কয়েকজন বিশেষ সহকারী দেশ ছাড়েন। প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব শপথের আগেই বিদেশে যান। ১৭ ফেব্রুয়ারি নতুন সরকারের শপথের রাতেই সিঙ্গাপুরে যান আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। ২২ ফেব্রুয়ারি রাতে ঢাকা ছাড়েন বিশেষ সহকারী ড. আলী রীয়াজ। তবে সংশ্লিষ্ট সূত্র বলছে, দু-একজন ছাড়া অধিকাংশ সাবেক উপদেষ্টা দেশেই অবস্থান করছেন।
দায়িত্ব শেষ হলেও প্রধান উপদেষ্টা এখনো যমুনায় অবস্থান করছেন বলে জানা গেছে। ইতোমধ্যে তিনি ইউনূস সেন্টারে কাজে যোগ দিয়েছেন। শিগগিরই গুলশানের নিজ বাসভবনে ফেরার কথা রয়েছে তার। সরকারি বিধি অনুযায়ী, নতুন সরকার গঠনের এক মাসের মধ্যে উপদেষ্টাদের সরকারি বাসভবন ছাড়তে হয়। বিশেষ প্রয়োজনে দ্বিতীয় মাসে থাকতে হলে নির্ধারিত ভাড়া পরিশোধ করতে হয়।
ইউনূস সরকারের আলোচিত উপদেষ্টাদের একজন আসিফ নজরুল ৩৫ হেয়ার রোডের সরকারি বাসা ছেড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডের পুরোনো বাসায় উঠেছেন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশীদকে এখনো হেয়ার রোডের সরকারি বাসায় দেখা গেছে। বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান মিন্টো রোডের ৪ নম্বর বাসায় অবস্থান করছেন। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন রয়েছেন ৩৫ মিন্টো রোডে। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন ৫ নম্বর মিন্টো রোডে এবং শিক্ষা উপদেষ্টা সি আর আবরার আছেন ৩৪ মিন্টো রোডে।
সরকারি আবাসন পরিদপ্তর সূত্রে জানা গেছে, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম, ওয়াহিদ উদ্দিন মাহমুদ, ফরিদা আখতার, এম সাখাওয়াত হোসেন ও মোস্তফা সরয়ার ফারুকী সরকারি বাসার সুবিধা নেননি; তারা নিজ নিজ বাসায় ছিলেন। দায়িত্ব শেষে ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা)-তে কাজে ফিরেছেন সৈয়দা রিজওয়ানা হাসান। এম সাখাওয়াত হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি লেখালেখি ও শিক্ষকতায় ফিরবেন।
সরকার পরিবর্তনের পর সাবেক উপদেষ্টাদের অবস্থান নিয়ে নানা আলোচনা থাকলেও নিশ্চিত হওয়া গেছে—বেশিরভাগই দেশে রয়েছেন এবং ধীরে ধীরে নিজ নিজ পেশা ও কর্মক্ষেত্রে ফিরছেন। যদিও অধিকাংশই বর্তমানে গণমাধ্যম এড়িয়ে চলছেন, তবু প্রশাসনিক নিয়ম মেনেই সরকারি বাসা ছাড়ার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।









