Something went wrong

শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি তারেক রহমানের শ্রদ্ধা, সঙ্গে পরিবার

জাতীয় ডেস্ক
জাতীয় ডেস্ক
২১ ফেব্রুয়ারী, ২০২৬ এ ৪:৪৬ এএম
মহান শহীদ দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবার। ছবি সংগৃহীত

মহান শহীদ দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবার। ছবি সংগৃহীত

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার একুশের প্রথম প্রহরে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তার সহধর্মিণী জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান উপস্থিত ছিলেন। ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে দোয়া ও মাগফেরাত কামনা করেন।

একুশের প্রথম প্রহরে প্রধানমন্ত্রী হিসেবে মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানান তারেক রহমান। পরে দলীয় নেতাদের সঙ্গে বিএনপির পক্ষ থেকেও পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করা হয়। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ছিল ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।

এরপর পর্যায়ক্রমে শ্রদ্ধা জানান তিন বাহিনীর প্রধানরা। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান হাসান মাহমুদ খান পুষ্পস্তবক অর্পণ করেন। ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগ স্মরণে তারা নীরবতা পালন করেন।

সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত ইসলামের আমির শফিকুর রহমানও শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। তার সঙ্গে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ জামায়াত জোটের নির্বাচিত সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। পরবর্তীতে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

সবশেষে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনসহ অন্যান্য নির্বাচন কমিশনাররা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। দিবসটি ঘিরে পুরো এলাকা নিশ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনীতে রাখা হয়। রাষ্ট্রীয় ও রাজনৈতিক পর্যায়ের ধারাবাহিক এই শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে ভাষা আন্দোলনের চেতনা পুনর্ব্যক্ত করা হয়।

মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে সারাদিনই কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নামে। ভাষা শহীদদের স্মরণে নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে জাতি আবারও অঙ্গীকার করে—বাংলা ভাষার মর্যাদা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার।

Advertisement