লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী


পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসী ও মুসলিম বিশ্বকে শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেন প্রধানমন্ত্রী। ছবিঃ সংগৃহীত
পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৫ মার্চ) এক বিবৃতিতে তিনি বলেন, লাইলাতুল কদরের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে শান্তি, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা হিসেবে কাজ করে।
বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, লাইলাতুল কদর মহিমামণ্ডিত ও বরকতময় একটি রাত। ইসলামী বিশ্বাস অনুযায়ী, পবিত্র কোরআনুল কারিম রমজান মাসের এই মহিমান্বিত রাতেই অবতীর্ণ হয়েছে। মহান আল্লাহ তাআলা এই রাতকে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন। তাই মুসলমানদের জন্য এ রাত বিশেষ মর্যাদা ও তাৎপর্য বহন করে।
তিনি বলেন, লাইলাতুল কদর মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমতের বার্তা নিয়ে আসে। এই রাতে ইবাদত-বন্দেগি, তওবা ও দোয়ার মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভের এক অনন্য সুযোগ সৃষ্টি হয়। মুসলমানরা এ রাতে অধিক ইবাদত-বন্দেগি করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, পবিত্র রমজান মাস সংযম, আত্মশুদ্ধি, সহনশীলতা ও মানবিক গুণাবলীর জাগরণের মাস। লাইলাতুল কদরের শিক্ষা মানুষকে নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে এবং সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা রাখে।
তিনি সবাইকে এই রাতের তাৎপর্য উপলব্ধি করে বেশি বেশি ইবাদত-বন্দেগি করার পাশাপাশি মানবকল্যাণে আত্মনিয়োগের আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, এই মহিমান্বিত রাতের শিক্ষা ব্যক্তি ও সমাজজীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।
শেষে তিনি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করে বলেন, পবিত্র লাইলাতুল কদরের অসীম রহমত ও বরকত যেন সবার ওপর বর্ষিত হয়। একই সঙ্গে তিনি দেশ ও জাতির শান্তি, সম্প্রীতি, অগ্রগতি ও কল্যাণ কামনা করেন।










