মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান


গণমাধ্যমের নির্বাহী ও বার্তা প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় মানবিক রাষ্ট্র গঠনে সাংবাদিকদের সক্রিয় সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
মানবিক রাষ্ট্র গঠন এবং সমাজে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে গণমাধ্যমের সক্রিয় সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সচিবালয়ে ইলেক্ট্রনিক মিডিয়ার নির্বাহী ও বার্তা প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি দেশ গঠনে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
দেশে মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করতে গণমাধ্যমকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে দেশের বিভিন্ন ইলেক্ট্রনিক গণমাধ্যমের নির্বাহী ও বার্তা প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। দুপুর পৌনে ২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অনুষ্ঠিত এ সভায় গণমাধ্যম ও সরকারের পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
সভা শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী সাংবাদিকদের ব্রিফিংয়ে জানান, প্রধানমন্ত্রী সমাজে মানবিক মূল্যবোধ বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী মনে করেন দেশের মানুষ যেন সব সময় শুধু রাজনৈতিক আলোচনা নিয়েই ব্যস্ত না থাকে। সমাজের ইতিবাচক পরিবর্তন, মানবিকতা এবং পারস্পরিক সহমর্মিতার বিষয়গুলোও গুরুত্ব পাওয়া উচিত।
প্রেস সচিবের ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী উদাহরণ দিয়ে বলেন, অনেক সময় দেখা যায় কোনো প্রাণী বা মানুষ নির্যাতনের শিকার হলেও অনেকে এগিয়ে না এসে শুধু ভিডিও ধারণ করেন। এই প্রবণতা থেকে বেরিয়ে এসে মানবিক দায়িত্ববোধ জাগ্রত করার প্রয়োজন রয়েছে।
প্রধানমন্ত্রী মনে করেন, সমাজে মানবিক অনুভূতি, মূল্যবোধ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ক্ষেত্রে সাংবাদিকদের দায়িত্বশীল অংশগ্রহণ প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
সভায় উপস্থিত গণমাধ্যম প্রতিনিধিদের বিভিন্ন মতামত ও পরামর্শ মনোযোগ দিয়ে শোনেন প্রধানমন্ত্রী। তিনি ভবিষ্যতেও গণমাধ্যমের সঙ্গে নিয়মিত মতবিনিময়ের আগ্রহ প্রকাশ করেন।
মতবিনিময় সভায় বিভিন্ন টেলিভিশন চ্যানেলের নির্বাহী ও বার্তা প্রধানরা বক্তব্য দেন। এছাড়া তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলীও বক্তব্য রাখেন।
সভায় তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ও মাহদী আমিন, স্পিচ রাইটার এস. এ. এম. মাহফুজুর রহমান এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে প্রধানমন্ত্রী গণমাধ্যমের শীর্ষ কর্মকর্তাদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেন।










