ভোট ও গণভোট উপলক্ষে ৫ দিনের কন্ট্রোল রুম চালু জনপ্রশাসনের

জাতীয় ডেস্ক
জাতীয় ডেস্ক
১১ ফেব্রুয়ারী, ২০২৬ এ ৩:০৯ এএম
নির্বাচন ও গণভোট উপলক্ষে অভিযোগ গ্রহণে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম চালুর বিজ্ঞপ্তি।

নির্বাচন ও গণভোট উপলক্ষে অভিযোগ গ্রহণে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম চালুর বিজ্ঞপ্তি।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মাঠ প্রশাসন থেকে প্রাপ্ত অভিযোগ ও তথ্যের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে কন্ট্রোল রুম চালু করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে মন্ত্রণালয়ের উপসচিব শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন দুই শিফটে কন্ট্রোল রুম পরিচালিত হবে। প্রথম শিফট সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এবং দ্বিতীয় শিফট দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত কার্যক্রম চলবে।

এই সময়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীরা কন্ট্রোল রুমে অবস্থান করে মাঠ প্রশাসন থেকে প্রাপ্ত অভিযোগ ও তথ্য পর্যালোচনা করবেন। প্রাপ্ত অভিযোগের ধরন অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অভিযোগ বা তথ্য পাওয়া গেলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশন অথবা সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ করবেন।

নির্বাচনকালীন সময়ে প্রশাসনিক সমন্বয় জোরদার ও অভিযোগ নিষ্পত্তি প্রক্রিয়া ত্বরান্বিত করতেই এই কন্ট্রোল রুম চালু করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।