ফেব্রুয়ারির প্রথমার্ধে দুই দফায় মিলবে ৮ দিনের ছুটি

জাতীয় ডেস্ক
জাতীয় ডেস্ক
২৩ জানুয়ারী, ২০২৬ এ ৮:৩৮ এএম
ফেব্রুয়ারিতে শবেবরাত ও জাতীয় নির্বাচন ঘিরে টানা ছুটির সুযোগ পাচ্ছেন সরকারি কর্মচারীরা।

ফেব্রুয়ারিতে শবেবরাত ও জাতীয় নির্বাচন ঘিরে টানা ছুটির সুযোগ পাচ্ছেন সরকারি কর্মচারীরা।

পবিত্র শবেবরাত ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম ১৫ দিনের মধ্যেই সরকারি চাকরিজীবীদের জন্য দুই দফায় মোট ৮ দিনের ছুটি কাটানোর সুযোগ তৈরি হয়েছে। ক্যালেন্ডার ও সরকারি ঘোষণার হিসাব অনুযায়ী, সামান্য কৌশলী পরিকল্পনা নিলেই এই দীর্ঘ ছুটি উপভোগ করা সম্ভব হবে।

ইসলামী ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে পবিত্র শবেবরাত পালিত হবে। এ উপলক্ষে ৪ ফেব্রুয়ারি (বুধবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর পরদিন ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) অফিস খোলা থাকলেও এক দিনের ছুটি নিলে ৪, ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি—টানা চার দিনের ছুটি কাটানো যাবে। কারণ ৬ ও ৭ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি।

এদিকে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে সরকার ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে। এর সঙ্গে যুক্ত হচ্ছে ১৩ ও ১৪ ফেব্রুয়ারি শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি। ফলে এই সময়েও টানা চার দিনের ছুটি মিলবে।

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানান, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য ১০ ফেব্রুয়ারি সাধারণ ছুটি থাকবে। আর নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি আগেই নির্ধারিত ছিল।’

অন্যদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, চলতি বছরে মোট ১৪ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। এর মধ্যে ৯ দিনই পড়েছে শুক্র ও শনিবারে, ফলে কার্যদিবসে ছুটির প্রভাব তুলনামূলকভাবে কম।

এ ছাড়া ২০২৬ সালে ধর্মভিত্তিক ঐচ্ছিক ছুটিও নির্ধারণ করা হয়েছে। মুসলিম ধর্মাবলম্বীদের জন্য ৫ দিন, হিন্দু ধর্মাবলম্বীদের জন্য ৯ দিন, খ্রিষ্টান ধর্মাবলম্বীদের জন্য ৮ দিন, বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য ৭ দিন এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর সরকারি কর্মচারীদের জন্য ২ দিনের ঐচ্ছিক ছুটি থাকবে।

সব মিলিয়ে ফেব্রুয়ারির প্রথমার্ধেই সরকারি কর্মচারীরা দুই দফায় দীর্ঘ ছুটি কাটানোর সুযোগ পাচ্ছেন, যা ভ্রমণ ও পারিবারিক সময় কাটানোর জন্য বাড়তি স্বস্তি দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।