প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার তারিখ জানাল অধিদপ্তর

জাতীয় ডেস্ক
জাতীয় ডেস্ক
২৩ জানুয়ারী, ২০২৬ এ ৮:২৪ এএম
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ছবি সংগৃহীত

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ছবি সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আগামী ২৮ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত জেলা পর্যায়ে এই মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট স্মারক অনুযায়ী মৌখিক পরীক্ষার এই সূচি চূড়ান্ত করা হয়েছে।

অধিদপ্তর জানায়, যেসব জেলায় পরীক্ষার্থীর সংখ্যা তুলনামূলক বেশি, সেখানে একাধিক ইন্টারভিউ বোর্ড গঠন করে মৌখিক পরীক্ষা নেওয়া হবে। এতে করে পরীক্ষার কার্যক্রম দ্রুত ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত প্রার্থীদের অনলাইনে আবেদনের সময় জমা দেওয়া আবেদনপত্রের কপি, জাতীয় পরিচয়পত্র, লিখিত পরীক্ষার প্রবেশপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র অথবা সিটি কর্পোরেশনের কাউন্সিলরের প্রদত্ত নাগরিকত্ব সনদ জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

কোটাভুক্ত প্রার্থীদের জন্য আলাদা নির্দেশনাও দেওয়া হয়েছে। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধার গেজেট ও সম্পর্ক সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। এছাড়া শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের সমাজসেবা অধিদপ্তরের সনদ এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা বা জেলা প্রশাসকের সনদ জমা দেওয়ার নির্দেশনা রয়েছে।

সব কাগজপত্র ন্যূনতম ৯ম গ্রেডের গেজেটেড কর্মকর্তার মাধ্যমে সত্যায়িত করে আগামী ২৭ জানুয়ারি ২০২৬-এর মধ্যে নিজ নিজ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিতে হবে। কাগজপত্র জমার সময় প্রার্থীদের মূল সনদ প্রদর্শন করতে হবে এবং প্রাপ্তি স্বীকারপত্র সংগ্রহ করতে হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, মৌখিক পরীক্ষার নির্দিষ্ট তারিখ, সময় ও স্থান সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ওয়েবসাইট এবং নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে। পরীক্ষার দিন প্রার্থীদের সব মূল সনদ ও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখতে হবে।

উল্লেখ্য, গত বুধবার (২১ জানুয়ারি) প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার লিখিত ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন মোট ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী।