নির্বাচন কমিশনের প্রতীক বরাদ্দ আজ, বৃহস্পতিবার শুরু নির্বাচনী প্রচারণা


প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে নির্বাচনী মাঠে আনুষ্ঠানিক প্রচারণার সূচনা হতে যাচ্ছে। ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে আজ প্রতীক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন (ইসি)। প্রতীক পাওয়ার মধ্য দিয়ে আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন প্রার্থীরা।
নির্বাচন কমিশনের জারি করা পরিপত্রে বলা হয়েছে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনের পরবর্তী দিন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করে নামের চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হবে। সেই ধারাবাহিকতায় আজ সারাদেশে প্রতীক বরাদ্দ কার্যক্রম সম্পন্ন করা হবে।
ইসির ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি একই দিনে গণভোটও অনুষ্ঠিত হবে, যা ভিন্ন ব্যালটে সম্পন্ন করা হবে।
এবারের নির্বাচনে এখন পর্যন্ত দুই হাজারেরও বেশি প্রার্থী বৈধ প্রার্থীর তালিকায় রয়েছেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, স্বচ্ছ ব্যালট পেপারের মাধ্যমে অনুষ্ঠিতব্য এই নির্বাচনে দেশের প্রায় ১২ কোটি ৭৭ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
ইসি পরিপত্রে আরও বলা হয়েছে, প্রার্থীদের নামের তালিকা বাংলা বর্ণানুক্রম অনুযায়ী সাজিয়ে চূড়ান্ত করা হবে, যাতে ভোটাররা সহজেই প্রার্থী শনাক্ত করতে পারেন।
প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে নির্বাচনী মাঠে আনুষ্ঠানিক প্রচারণার সূচনা হতে যাচ্ছে। এখন প্রতীক হাতে পেয়ে প্রার্থীরা ভোটারদের কাছে নিজেদের প্রতিশ্রুতি তুলে ধরবেন, যা আসন্ন নির্বাচনের রাজনৈতিক উত্তাপ আরও বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।








