জামায়াত প্রার্থী মারা যাওয়ায় শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত


শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুজ্জামান বাদল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মৃত্যুবরণ করায় শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের জাতীয় সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২-এর অনুচ্ছেদ ১৭-এর ১ উপধারা অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পর এবং ভোটগ্রহণের আগে কোনো বৈধ প্রার্থী মৃত্যুবরণ করলে সংশ্লিষ্ট আসনের নির্বাচন তাৎক্ষণিকভাবে বাতিল বা স্থগিত করতে হয়।
আইন অনুযায়ী, প্রার্থীকে নির্বাচন কমিশন কর্তৃক বৈধ প্রার্থী হিসেবে স্বীকৃত হতে হয়। প্রার্থীর মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা গণবিজ্ঞপ্তির মাধ্যমে ওই আসনের নির্বাচনি কার্যক্রম স্থগিতের ঘোষণা দেন। পরে নির্বাচন কমিশন নতুন তফশিল ঘোষণা করবে।
উল্লেখ্য, শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ।
পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাকে দ্রুত শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহে নেওয়ার পথে রাত ৩টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় তিনি মারা যান। পরবর্তীতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নুরুজ্জামান বাদলের মৃত্যুর বিষয়টি পরিবারের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক শোকবার্তায় জানানো হয়, তিনি কিডনিজনিত রোগে ভুগছিলেন এবং চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
প্রার্থী মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত হওয়ায় ওই এলাকায় ভোটগ্রহণের কার্যক্রম আপাতত বন্ধ থাকছে। নির্বাচন কমিশন নতুন করে তফশিল ঘোষণা করলে পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হবে।










